বগুড়া, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় চার পুলিশ সদস্যসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ছয় পুলিশ সদস্য।
নিহতরা হলেন কনস্টবল আসলাম, উৎপল, আব্দুর রউফ, আব্দুর রাজ্জাক ও পুলিশের পিক-আপ চালক। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় জানা যায়নি।
শুক্রবার দুপুর আড়াইটায় বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর থানার জামাদার পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ওসি খালেকুজ্জামান জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ১০ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি পিক-আপ দুপুরে পুলিশ লইন থেকে নন্দীগ্রাম উপজেলায় দিকে রওনা হয়। পথে রাজশাহী থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিক-আপটির সংর্ঘষ হয়।
এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য ও পিক-আপ চালকের মৃত্যু হয়। আহত পুলিশ সদস্যদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনস্টেবল আব্দুর রাজ্জাক।
দুর্ঘটনার খবর শুনেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। একটি পুলিশ ভ্যানে করে পুলিশ সদস্যদের মৃতদেহ হাসপাতালে নেওয়ার পর উপস্থিত পুলিশ কর্মকর্তারা কান্নায় ভেঙে পড়েন।
ওসি খালেকুজ্জামান বলেন, "দুর্ঘটনার খবরে পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের চিকিৎসা চলছে।"
বাস চালক ও তার সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭০৬ ঘ.
bdnews24