মাদারীপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনিতে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে এক স্কুল ছাত্রীর লাশ।
পুলিশের ধারণা, ধর্ষণের পর চম্পা (১৩) নামে ওই শিশুকে হত্যা করা হয়েছে।
চম্পা স্থানীয় চরআইড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। তার বাবার নাম আ. রব বেপারী।
রব বেপারী জানান, বৃহস্পতিবার সকালে তার মেয়ে নিখোঁজ হয়। শুক্রবার সকালে তার ছোট ভাই আলামিন পুকুর ঘাটে গিয়ে বোনের লাশ ভাসতে দেখে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
চম্পার শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা জানিয়েছেন কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান।
তিনি বলেন, ধর্ষণ করে মেয়েটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে আসলে এটি হত্যা নাকি দুর্ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭০৪ ঘ.
bdnews24