২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিয়ন বিভক্তি নিয়ে রৌমারীতে আহত একজনের মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইউনিয়ন বিভক্তি নিয়ে পুলিশ-জনতার সংঘর্ষে আহত আব্দুল বারেক বৃহস্পতিবার মারা যাওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 07:51 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

কুড়িগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইউনিয়ন বিভক্তি নিয়ে পুলিশ-জনতার সংঘর্ষে আহত আব্দুল বারেক বৃহস্পতিবার মারা যাওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইউনিয়ন বিভাজন বন্ধ ও নির্বাচনের দাবিতে পাখি উড়া ও দাতভাঙ্গা এলাকার মানুষ গত মঙ্গলবার রৌমারী শহরে ১৪৪ ধারা ভেঙ্গে লাঠি মিছিল করলে পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট ছোড়ে। এতে আব্দুল বারেকসহ (৪০) শতাধিক আহত হয়। তাকে প্রথমে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে দাতভাঙ্গা ও পাখি উড়া এলাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। বারেকের বাড়ি পাখি উড়া গ্রামে। তার পিতার নাম আকবর আলী। উল্লেখ্য, রৌমারী উপজেলার বন্দবেড় ও দাতভাঙ্গা ইউনিয়নের কিছু এলাকা নিয়ে চরশৌলমারী নামের নতুন ইউনিয়ন গঠনের বিরোধীতা করে পাখি উড়া ও দাতভাঙ্গা এলাকার হাজার হাজার মানুষ আন্দোলন করে আসছে। রৌমারী থানার ওসি হরেশ্বর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একজনের মৃত্যুর কথা তিনি শুনেছেন। কিন্তু এ ব্যাপাওে থানায় কেউ অভিযোগ দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩১১ ঘ.