ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যশস্য আমদানির জন্য ঋণপত্র খোলার (এলসি) ক্ষেত্রে ১২ শতাংশের বেশি সুদ নেওয়া হবে না বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে মত বিনিময়ে বৃহস্পতিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) নেতারা এ কথা জানান।
বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জানান, আমানতকারীদের সুদের হারও ১২ শতাংশের বেশি হবে না।
প্রধানমন্ত্রী সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনা করে আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
বিএবি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে বলেন, বর্তমানে ব্যাংকে কোনো তারল্য সংকট নেই। কারণ দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে।
এদিকে বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, বন্দরে আসা মালামাল দ্রুত খালাসের বিষয়টি কঠোর তদারকি করতে প্রধানমন্ত্রী তার মুখ্য সচিব এমএক করিমকে নির্দেশ দিয়েছেন।
এছাড়া আমদানি ঋণের সুদের হার যেন ১২ শতাংশের বেশি নেওয়া হচ্ছে কি না তা তদারকি করতে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনরকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিএবি প্রতিনিধি দল ব্যাংকের কর্পোরেট করের হার ৪২.৫ শতাংশের পরিবর্তে ৪০ শতাংশ করার জন্য এবং সরকারি আমানতের ৫০ শতাংশ সরকারি ব্যাংকে এবং বাকি ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার বিষয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।
অন্যদের মধ্যে হাফিজ আহমেদ মজুমদার এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আবদুর রউফ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এআরএইচ/পিডি/০০৫২ ঘ.
bdnews24