২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে নার্সদের কর্মবিরতি স্থগিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং শিক্ষার্থী ও নার্সরা ৭২ ঘণ্টা কর্মবিরতি তিন দিনের জন্য স্থগিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ময়মনসিংহ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং শিক্ষার্থী ও নার্সরা ৭২ ঘণ্টা কর্মবিরতি তিন দিনের জন্য স্থগিত করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ওপর হামলাকারী তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিচার করার আশ্বাস দেওয়ায় তারা বৃহস্পতিবার এই কর্মসূচি স্থগিত করে। হাসপাতালের পরিচালকের অপসারণসহ ৫ দফা দাবিতে তারা গত মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করছিলো। স্থানীয় সংসদ সদস্য মতিউর রহমানের উপস্থিতিতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহজাহান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ময়মনসিংহ শাখার নেতৃবৃন্দ এবং চিকিৎসক ও নার্সদের এক জরুরি মতবিনিময় সভায় সমস্যা সমাধানের এই উদ্যোগ নেয়া হয়। সভা শেষে সংসদ সদস্য মতিউর রহমান সাংবাদিকদের বলেন, সমস্যার কথা আমরা শুনেছি। শিগগিরই এর সমাধানের ব্যবস্থা নেয়া হচ্ছে। ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমা খাতুন জানান, তারা বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছে। তিন দিনের মধ্যে দাবির ব্যাপারে সুষ্ঠু সমাধান না হলে তারা আবারও লাগাতার কর্মসূচি দেবে। দাবী না মানা পর্যন্ত তারা কালো ব্যাজ ধারন করবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে নার্সিং শিক্ষার্থী ও নার্সদের জন্য বরাদ্দ করা সিট বাতিলের প্রতিবাদে গত সোমবার দুপুরে নার্সিং শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করতে যায়। তারা তার কক্ষের সামনে অবস্থান নিলে ৩য় ও ৪র্থ শেণীর কর্মচারীরা তাদের ওপর হামলা চালায়। এসময় সংঘর্ষে ৩২ জন নার্সিং শিক্ষার্থী আহত হয়। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯২০ ঘ.