কিশোরগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণ ও ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে আসামি ও তার লোকজনের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
কিশোরগঞ্জের হোসেনপুুর উপজেলায় বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
হোসেনপুর থানার ওসি মীর আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরণ ও ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি দুলাল মিয়াকে (৪০) গ্রেপ্তারে উপজেলার নামা জিনারী গ্রামে অভিযান চালায় পুলিশ।
এ সময় দুলাল ও তার লোকজন লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে এএসআই তোফায়েল হোসেন ও কনস্টেবল হাবিবুর রহমান আহত হন।
পরে দুলালকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হোসেনপুর, নান্দাইল, জয়দেবপুর থানায় অপহরণ ও ডাকাতির ৬টি মামলা রয়েছে।
তোফায়েল হোসেনকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর হাবিবুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশের ওপর হামলার ঘটনায় হোসেনপুর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/২১৫৫ ঘ.
bdnews24