২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ-গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ২, আহত ৫৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় দু'জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

গোপালগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় দু'জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের করশালিকা পুরাতন পাড়ার হুদা শেখের ছেলে শাহ আলম (৩৮) এবং গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের তোতা মিয়া শেখের স্ত্রী খোদেজা বেগম (৫৫)। বুধবার বিকালে শাহজাদপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এবং সকালে মুকসুদপুর উপজেলার গোহালা, উজানী ও কাশালিয়া ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। শাহাজাদপুর থানার ওসি মতিউর রহমান জানান, দুপুর দেড়টায় উপজেলার রূপকাটি ইউনিয়নের করশালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ারের সমর্থকরা ভোটের লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা কেন্দ্রের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ৫/৬ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান ওসি। সংঘর্ষের কারণে ওই কেন্দ্রে ১৫ মিনিট ভোট বন্ধ ছিলো। পরে পরিস্থিতি শান্ত হলে আবার ভোটগ্রহণ শুরু হয়। ওসি জানান, এই সংঘর্ষের জের ধরে ভোটগ্রহণ শেষ হওয়ার পর পরই বিকেল সাড়ে ৪টার দিকে করশালিকা গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষের সময় চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিনের সমর্থক শাহ আলমসহ ১৫/১৬ জন গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে শাহ আলম মারা যান বলে জানান ওসি। অন্যদের পাবনা, বেড়া ও শাহজাদপুর উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সিন্ধয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, গোহালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পরাজিত সাধারণ সদস্য প্রার্থী সালাম দর্জির সমর্থকরা সকাল ১০টার দিকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিজয়ী সদস্য বাদশা দর্জির সমর্থক যাত্রাবাড়ী গ্রামের তোতা মিয়া শেখ ও মোতালেব শেখের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীদের ভয়ে তোতা ও মোতালেব বাড়ির পাশের পাট ক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়। আব্দুর রাজ্জাক বলেন, হামলাকারীরা তখন দুই পরিবারের নারীদের ওপর হামলা চালায়। তারা লাঠি দিয়ে পিটিয়ে ও পদদলিত করে ঘটনাস্থলেই খোদেজাকে হত্যা করে। এ সময় ওই দুই পরিবারের রেনু বেগম (৪৫), মুন্নি খানম (১৪), সেলিনা আক্তার (২০), ইমদাদুল শেখ (২০), কবির শেখসহ (২৫) আটজন আহত হয়। মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাহাজ উদ্দিন সাংবাদিকদের জানান, বুধবার সকাল ৯টার দিকে উজানী ইউনিয়নের মহাটালী গ্রামে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শ্যামল কান্তি বোসের সমর্থকরা বিজয়ী চেয়ারম্যান দীনেশ মণ্ডলের সমর্থক রায় বাড়ি, দাস বাড়ি ও মণ্ডল বাড়িতে অতর্কিতে হামলা করলে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়। আহত নিরুপমা মণ্ডল (৪৫), রাধা রায় (২০), ইতি (৪৫), পলাশ (২৮), ফটিক দাস (৫৫), হংস (৪৫), মৃত্যুঞ্জয় (৩৪), অনাদী (১১), পরেশ (৪২), দয়াল (২৮), বাদলকে (৫৫) কাশিয়ানীতে এবং সন্তোষ (২৭) ও বাবুল মণ্ডলকে (২৮) ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কাশালিয়া ইউনিয়নের পরাজিত সদস্য প্রার্থী হেমায়েত মুন্সির সমর্থকরা বিজয়ী সদস্য বিল্লাল মোল্লার সমর্থক আব্দুর রউফকে (৬০) কুপিয়ে মারাত্মক জখম করে। বুধবার সকাল ১০টার দিকে কাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান এসআই বাহাজ উদ্দিন। মঙ্গলবার এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। মুকসুদপুর থানার ওসি কেএম লিয়াকত আলী বলেন, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/কেএমএস/১৮২২ ঘ.