চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দফা দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির শিক্ষার্থীদের পিটিয়ে ছাত্রাবাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
আন্দোলনের মুখে একাডেমি কর্তৃপক্ষ গ্রীষ্মের ছুটি ঘোষণা করে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দিলেও শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ না করায় পুলিশ মঙ্গলবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান চালায়।
এই ঘটনায় আহত ২৩ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অবশ্য পুলিশ লাঠিপেটা করার কথা অস্বীকার করেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা শিক্ষার্থীদের তিন ঘণ্টা বুঝিয়ে ছাত্রাকাস থেকে বের করে এনেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই দফা দাবিতে গত শনিবার থেকে ক্লাশ-পরীক্ষা বর্জন করে আসছিলেন তারা।
দাবি দুটি হল- মেরিন ফিশারিজ একাডেমির ৩ বছরের প্রি-সি ট্রেনিংকে স্বীকৃতি দিয়ে ১২ মাসের চাকরির অভিজ্ঞতার পর পরীক্ষা দেওয়ার সুযোগ ও বিনা শর্তে সিডিসি (বৈদেশিক বাণিজ্যিক জাহাজে ওঠার অনুমতিপত্র) প্রদান এবং ফিশিং অফিসার ক্লাস-১ ও মার্চেন্ট অফিসার ক্লাস-৩ সনদকে সমমান ঘোষণা করে চাকরিক্ষেত্রে সার্ভিস রুল বাস্তবায়ন করা।
শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখে মঙ্গলবার তাদের সঙ্গে আলোচনায় বসে একাডেমি কর্তৃপক্ষ। বিকালে বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়ে ৩০ জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়। একইসঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন এ টি জি এম সরকার ক্যাম্পাসে পুলিশ ডেকে এনে জোন করে ছাত্রাবাস ত্যাগে বাধ্য করেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমরা ছাত্রবাসের গেইটে তালা দিয়ে ভেতরে অবস্থান নিলে পুলিশ এসে তালা ভেঙে আমাদের পিটিয়ে ক্যাম্পাস ত্যাগে বাধ্য করে।"
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে মেরিন ফিশারিজ একাডেমির ২৩ জন ছাত্রকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাঠিপেটা করার বিষয়টি অস্বীকার করে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর জোন) এ কে এম ইমরান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের বুঝিয়ে হল ত্যাগ করিয়েছি।"
কয়েকজন 'অবাধ্য' শিক্ষার্থী হল ছাড়তে না চাইলে তাদের 'ভয় দেখিয়ে' সরিয়ে নেওয়া হয় বলে তিনি জানান।
এ বিষয়ে কথা বলার জন্য একাডেমির অধ্যক্ষ এ টি জি এম সরকারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে মেরিন ফিশারিজ একাডেমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/০০১০ ঘ.
bdnews24