২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির লাঠিপেটা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ব্যবসায়ীদের লাঠিপেটা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। এসময় ১০ ব্যবসায়ী সামান্য আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ব্যবসায়ীদের লাঠিপেটা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। এসময় ১০ ব্যবসায়ী সামান্য আহত হয়। নির্বাচনী আইন নিয়ে কথা কাটাকাটির জের ধরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার সিঙ্গারবিল বাজারে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও প্রশাসন জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, বিজিবি সদস্যরা অন্যায় করে থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। স্থানীয় ব্যবসায়ী মানিক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজয়নগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী বৃহস্পতিবার। মঙ্গলবার দুপুর ১টার দিকে ৫-৭ জন বিজিবি সদস্য বাজারে এসে নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের দোকান-পাট বন্ধ করতে বলে। তখন এক ব্যবসায়ী বিজিবি সদস্যদের বলেন, নির্বাচনী আইনে দোকানপাট বন্ধ রাখার কোনো বিধান নেই। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত ব্যবসায়ীদের বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এসময় ১০ ব্যবসায়ী সামান্য আহত হয় বলে জানান মানিক মিয়া। লাঠিচার্জের সময় বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে দোকান-পাট বন্ধ করে ফেলে। লাঠিচার্জের কথা শুনে আশপাশের গ্রাম থেকেও লোকজন বাজারে আসতে থাকে। মিনিট পনের পরে বিজিবি সদস্যরা বাজার থেকে চলে যায়। পরে আবার ব্যবসায়ীরা দোকান-পাট খুলে। বিজয়নগর থানার ওসি দুলাল মাহমুদ জানান, বিজিবি সদস্যরা কেন এভাবে লাঠিচার্জ করেছে তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি। ১২-বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল এম আফজালুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস