ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপে আনতে বিএনপিকে আবার চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বিএনপি রাজি থাকলে ১৯ থেকে ২২ জুনের মধ্যে যে কোনো একদিন তাদের সঙ্গে বসবে ইসি।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সূচি অনুযায়ী সোমবার বিএনপির সঙ্গে ইসির সংলাপের কথা ছিলো, যদিও বিএনপি গণমাধ্যমে আগেই জানিয়েছে, তারা চলতি সংলাপে যাচ্ছে না।
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের এ দিনে গণতন্ত্রী পার্টির সঙ্গেও ইসির বৈঠকের কথা ছিলো।
ছহুল বলেন, "অনিবার্য কারণে আজ সংলাপ হচ্ছে না। তবে বিএনপিকে আবার চিঠি পাঠানো হয়েছে। ১৯ জুন থেকে ২২ জুনের মধ্যে যে দিন তাদের সুবিধা হবে, সেদিন ঠিক করে যেন আমাদের জানায়।"
বিএনপি সংলাপে না এলে তাদের ছাড়াই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, জনতহবিলসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ ইসি চূড়ান্ত করবে বলে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ইতোপূর্বে জানিয়েছিলেন।
গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপের নতুন দিন ঠিক হয়েছে আগামী ৩০ জুন।
সংসদে বাজেট উপস্থাপনের কারণে আওয়ামী লীগ নির্ধারিত দিন গত ৯ জুন সংলাপে অংশ নিতে পারেনি। তাদের সঙ্গে সংলাপের নতুন দিন ১৮ জুলাই ঠিক হয়েছে বলে ছহুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24