২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচবিবিতে ভোটকেন্দ্রে তাণ্ডব, নিহত ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাইয়ের পর একটি ভোটকেন্দ্রে আগুন ধরিয়েছে সন্ত্রাসীরা। পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানপ্রার্থীর ভাগ্নে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 03:36 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

জয়পুরহাট, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাইয়ের পর একটি ভোটকেন্দ্রে আগুন ধরিয়েছে সন্ত্রাসীরা। পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানপ্রার্থীর ভাগ্নে। রোববার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত কাশপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘাত চলে বলে পুলিশ জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড গুলি ছোড়ে বলে জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক সাংবাদিকদের জানিয়েছেন। নিহত মাহফুজুর রহমান মাসুম (৩২) চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান চৌধুরী বিপ্লবের ভাগ্নে এবং পাঁচবিবি পৌর মেয়র, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের চাচাতো ভাই। মাসুমের বাড়ি পাঁচবিবি পৌর এলাকার গৌহাটিতে। উপজেলার আটটি ইউনিয়নের মোট ৭২টি কেন্দ্রে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা। পাঁচবিবি থানার ওসি বিমান চন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণনা চলাবস্থায় রাত সাড়ে ৮টার পর হঠাৎ করে প্রায় দুই আড়াইশ' সন্ত্রাসী গুলি করতে করতে কেন্দ্রে ঢুকে পড়ে। "তারা নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের এলোপাতাড়ি মারধর করে, ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।" আগুনে ব্যালট পেপার ছাড়াও বিদ্যালয়ের টিনের ছাউনি ও আসবাবপত্র পুড়ে যায়। অগ্নি নির্বাপক বাহিনী প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার মোজাম্মেল বলেন, সন্ত্রাসীদের তাণ্ডবের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। পুলিশ গুলি চালিয়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ হন মাসুম। তার কোমরে, পায়ে ও হাতে তিনটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে জয়পুরহাট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, মাসুম মারা গেছেন। কার গুলিতে মাসুম মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। সংঘাতের কারণ জানাতে গিয়ে বেলাল হোসেন, শামছুল আলম, জয়নাল আবেদীন, মজিবর রহমানসহ প্রত্যক্ষদর্শী কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার পর থেকে নূরুজ্জামান চৌধুরীর হারের গুজব রটতে থাকে। কাশপুর কেন্দ্রে ভোট গণনা হতে দেরি হচ্ছিলো। এর মধ্যেই তার সমর্থকরা কেন্দ্রে ঢুকে তাণ্ডব চালাতে থাকে। সংঘাতে আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানান তারা। তবে আহতদের পরিচয় জানাতে পারেননি। সংঘাতের খবর পেয়ে জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ও পুলিশ সুপার মোজাম্মেল হক রাতেই ওই কেন্দ্রে যান। তারা সাংবাদিকদের বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৩০ ঘ.