রাঙামাটি, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্যাঞ্চলের জুম্ম জনগোষ্ঠীকে বিলুপ্ত করার দীর্ঘদিনের ষড়যন্ত্র এখনো চলছে বলে দাবি করেছেন পাহাড়ি নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণ দিবসে এক প্রতিবাদ সভায় তিনি পার্বত্য চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার সমালোচনাও করেন।
সন্তু লারমা বলেন, "পাকিস্তান আমল থেকে আজ অবধি জুম্ম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করার ষড়যন্ত্র অব্যাহতভাবে চলছে।"
"১৪টি আদিবাসী জুম্ম জাতিকে চিরতরে বিলুপ্ত করার জন্য যে ষড়যন্ত্র যুগ যুগ ধরে চলছে, সেই ষড়যন্ত্রেরই অংশ হচ্ছে কল্পনা চাকমা অপহরণ", বলেন তিনি।
১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ির নিউ লাইল্যাঘোনা গ্রাম থেকে অপহৃত হন হিল উইমেন্স ফেডারেশনেরে সাংগঠনিক সম্পাদক কল্পনা। তার পরিবারসহ সংগঠনটির অভিযোগ, সেনাবাহিনীর একদল সদস্য তাকে অপহরণ করে।
এরপর এখন পর্যন্ত কল্পনার কোনো সন্ধান মেলেনি। তৎকালীন সরকার একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করলেও তার প্রতিবেদন প্রকাশিত হয়নি।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, ষড়যন্ত্র চলছে বলেই ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হতে পারছে না। এমনকি কল্পনা চাকমা অপহরণের যথাযথ বিচারও হচ্ছে না।
জনসংহতি সভাপতি সন্তু লারমা বলেন, পার্বত্য প্রতিমন্ত্রীসহ পার্বত্যাঞ্চলের জনপ্রতিনিধিরা চুক্তিবিরোধী ইউপিডিএফের বিষয়ে নীরব ভূমিকা পালন করছে এবং চুক্তিবিরোধী সন্ত্রাসকেই প্রশ্রয় দিয়ে চলছেন।
কল্পনাকে অপহরণকারীদের বিচার দাবিতে রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য মহিলা সমিতি।
সভায় রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক লাল দেওয়ান বলেন, কল্পনা চাকমাকে অপহরণের মধ্য দিয়ে বাংলাদেশ যে অভিশপ্ত হয়েছে। যতদিন এর বিচার এবং অপহরণকারীদের শাস্তি না হয়, ততদিন বাংলাদেশ এ অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না।
সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চলের আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩০ ঘ.
bdnews24