কক্সবাজার, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরাজিত প্রার্থীর সমর্থকদের ব্যালট বাক্স ছিনতাই ঠেকাতে পুলিশের চালানো গুলিতে কক্সবাজারের কাকারা ইউনিয়নে এক কিশোর নিহত হয়েছে।
মোহাম্মদ আবিদুর রহমান (১২) নামের ওই কিশোরকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। আবিদুর প্রপার কাকারা এলাকার ওবায়দুর রহমানের ছেলে।
গুলিতে আরো তিন জন গুলিবিদ্ধ ও ১৫ জন আহত হয়।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। তখন আবিদুরসহ অন্যার আহত হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ সাংবাদিকদের জানান, চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রপার কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়। এতে মেহেদী হাসান নূর খান সাধারণ সদস্য পদে বিজয়ী হন। সাবেক ইউপি সদস্য কেশব পাল পরাজিত হন।
তিনি জানান, ভোট গণনা শেষে পুলিশ ও আনসার সদস্যরা ব্যালট বাক্স নিয়ে উপজেলা সদরে আসার পথে পরাজিত প্রার্থীর সমর্থকরা শিকলঘাট-মাঝেরফাঁড়ি সড়কে অবরোধ সৃষ্টি করে ভোট পুনর্গণনার দাবি করে এবং বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে।
"এ সময় পুলিশ এলোপাতাড়ি গুলি করলে অন্তত ৪ জন গুলিবিদ্ধ হয় এবং ১৫ জন আহত হয়।"
গুলিবিদ্ধদের হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ আবিদুর রহমান (১২) মারা যায় বলে জানান ওসি।
তিনি জানান, গুলিবিদ্ধ আজিজুল হক (৩০), বেদার উল্লাহ (৩২) ও ওবাইদুল হককে (২৭) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রপার কাকারা এলাকার বাসিন্দা সিদ্দিক আহমদ ও আবদুর রশিদ জানান, পুলিশের গুলিতে আবিদুর নিহত হয়েছে। এ সময় পুলিশ ও র্যাব সদস্যরা এসে সাধারণ মানুষকে লাঠিপেটা করে বলে অভিযোগ করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২০৩০ ঘ.
bdnews24