ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সরকারের জন্য চারটি ঝুঁকি রয়েছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
শুক্রবার রাজধানীর ব্রাক সেন্টারে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই বাজেট বাস্তবায়ন করতে হলে অর্থায়ন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, রাজনৈতিক সমঝোতার অভাব এবং সামষ্টিক অর্থনৈতিক সমস্যার মোকাবেলা করতে হবে সরকারকে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের জন্য ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন, যার আকার চলতি অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।
চলতি অর্থবছরে ৬.৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়ার কথা জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, আগামী অর্থবছরে এই হার ৭ শতাংশে পৌঁছাবে।
বাজেট প্রস্তাবে সার্বিক ঘাটতি ধরা হয়েছে ৪৫ হাজার ২০৪ কোটি টাকা। ঘাটতি অর্থায়নে বৈদেশিক সূত্র থেকে ১৭ হাজার ৯৯৬ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ২৭ হাজার ২০৮ কোটি টাকা সংগ্রহ করার কথা বলেছেন অর্থমন্ত্রী। আর অভ্যন্তরীণ উৎসের মধ্যে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা সংগ্রহ করা হবে ব্যাংক ব্যবস্থা থেকে।
ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার এই প্রবণতা বাড়তে থাকায় শঙ্কা প্রকাশ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "বাজেট বাস্তবায়নে প্রথম ঝুঁকি হলো-অর্থায়নের সমস্যা। ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করতে গিয়ে ব্যক্তিখাতের সঙ্গে সরকারের ঋণের একটা প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে বেসরকারি খাত কম ঋণ পেতে পারে।"
তিনি বলেন, "প্রাক্কলিত বৈদেশিক সহায়তা চলতি অর্থবছরের চেয়ে আরো বেড়েছে। এই অর্থ ছাড় ও অর্থ ব্যবহার করতে হবে। সব মিলিয়ে এই বাজেটের অর্থায়ন নিয়ে ঝুঁকি থেকে যাচ্ছে।"
দেবপ্রিয় বলেন, "প্রকল্প বাস্তবায়নে সরকারের প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব রয়েছে। তাই এক্ষেত্রেও ঝুঁকি রয়েছে।
"তৃতীয়ত, সরকারের মেয়াদ মধ্যপর্যায়ে চলে আসায় রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। আর প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এটি হবে একটি বড় ঝুঁকি।"
সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকির বিষয়ে তিনি বলেন, "মূল্যস্ফীতি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা লেনদেনের ভারসাম্যে সংকট এবং বিনিয়োগ কমে আসার আশঙ্কাও সরকারের বাজেট বাস্তবায়নকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।"
বাজেট প্রস্তাবে ২০১১-১২ অর্থবছর শেষে মূল্যস্ফীতির হার ৭.৫ শতাংশে পৌঁছাতে পারে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। যদিও, চলতি অর্থবছরের গড় মূল্যস্ফীতি ইতোমধ্যে ৮ শতাংশে পৌঁছেছে।
মুিহতের প্রস্তাবিত বাজেটের মূল্যায়ন করতে গিয়ে পাঁচটি বিষয়কে 'সিটবেল্টের' সঙ্গে তুলনা করেন দেবপ্রিয়।
তার মতে, সিটবেল্ট বাধা না থাকলে যেমন দুর্ঘটনায় ক্ষতির আশঙ্কা বেশি থাকে, তেমনি, রাজস্ব আহরণ ধারা, ব্যক্তি খাতে ঋণ প্রবাহ, কৃষি খাতে উৎপাদন, রেমিটেন্স প্রবাহ এবং বৈদেশিক সহায়তা অবমুক্ত করার বিষয়গুলো নিশ্চিত করা না গেলে সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "এই বাজেট নির্বাচনী ঘোষণামূলক প্রতিশ্র"তির সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে প্রায়োগিক দিক থেকে সঙ্গতিপূর্ণ নয়। যেমন কৃষি ভর্তুকি কমাটা সরকারের প্রতিশ্র"তির সঙ্গে মেলে না।"
তিনি বলেন, "২০১২ সালের মধ্যে খাদ্যে স্বয়
bdnews24