ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে বৃহস্পতিবার রাতে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়।
গত ১৫ মে ঢাকার মেয়র ও দলের সহসভাপতি সাদেক হোসেন খোকাকে আহবায়ক করে ২১ সদস্যের এই কমিটি গঠনের পর খালেদার সঙ্গে এটি প্রথম বৈঠক।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, এস এ খালেক, কাজী আবুল বাশার, এম এ কাইয়ুম, আবু সাঈদ খান খোকন, আবদুল লতিফ, এম এ মজিদ, শামসুল হুদা, সাজ্জাদ জহির, সাহাবউদ্দিন আহমেদ, আলী আজগর মাতব্বর, নুর জাহান মাহবুুব, আতিকুল্লাহ, আজিজুল্লাহ, আনোয়ারুজ্জামান, আবদুল আলীম নকি, মুন্সী বজলুল বাসিত আনজু ও মো. মোহন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
'১/১১' এর সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের ওই সময়কার মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ২০০৮ সালের ৪ জুন ঢাকা মহানগর কমিটি বিলুপ্ত করে দেন।
১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর কমিটি থেকে মীর শওকত আলীকে বাদ দিয়ে সাদেক হোসেন খোকার নেতৃত্বে মহানগরের আহবায়ক কমিটি গঠন করে দেন খালেদা জিয়া। মীর শওকত আলীকে করা হয় দলের সহসভাপতি।
পরে খোকার নেতৃত্বে ২০০২ সালের ২ মার্চ মহানগরের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আবদুস সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০৩০ ঘ.
bdnews24