২০১১-১২ অর্থবছরের জন্য এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৩২৩ কোটি টাকা। সামাগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ৪৫ হাজার ২০৪ কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশ।
চলতি ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ছিল এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা। এর মধ্যে এডিপি বরাদ্দ ছিল ৩৮ হাজার কোটি টাকা। বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় পরে তা কাটছাঁট করে ৩৫ হাজার ১৩০ কোটিতে নামায় নামিয়ে আনা হয়।
বাজেট প্রস্তাবে আগামী অর্থবছরে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৮ শতাংশে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল ৬.৭ শতাংশ।
এছাড়া মূল্যস্ফীতির হার ধরা হয়েছে ৭.৫ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছিল ৬.৫ শতাংশ। তবে ইতোমধ্যে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৮ শতাংশে পৌঁছেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এর আগেই ৪৬ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে, যা ২০১০-১১ অর্থবছরের এডিপির চেয়ে ১৯ শতাংশ বেশি।
অর্থমন্ত্রী মুহিত বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ এ বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন।
bdnews24