রংপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষকে হত্যার হুমকি ও গুলি চালানোর অভিযোগে শহরের বিভিন্ন এলাকা থেকে ইসলামি ছাত্র শিবিরের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা জানান, বৃহস্পতিবার ভোর থেকে কারমাইকেল কলেজের আশপাশের এলাকা ও শহরের খলিফাটারী মাদ্রাসার কাছে থাকা মেস থেকে সাত শিবির নেতা-কর্মীকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আটকৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক জেহাদী বই ও লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।"
আটককৃতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসের ভিতরে অবস্থিত অধ্যক্ষের বাসভবনে খাওয়া-দাওয়া শেষে বারান্দায় পায়চারী করার সময় দীপ কেন্দ্র নাথকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।
আগের দিন সকালে শিবিরের ৬০ থেকে ৭০ জন নেতা-কর্মী অধ্যক্ষের দপ্তরে গিয়ে তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় অধ্যক্ষ বাদি হয়ে কোতোয়ালি থানায় শিবিরের কয়েকজন নেতার নাম উল্লেখ করে মামলা করেন।
এদিকে শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বেলা ১২টার দিকে ক্যাম্পাসে ছাত্র ও শিক্ষকরা মানববন্ধন করে।
মানববন্ধনে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্র সমাজসহ বিপুল সংখ্যক সাধারণ ছাত্রছাত্রী ও শিক্ষকরা অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪২১ ঘ.
bdnews24