২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৫ হাজার নার্স পদ সৃষ্টি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৫ হাজার নার্স পদ সৃষ্টির কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৫ হাজার নার্স পদ সৃষ্টির কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক। বুধবার জাতীয় সংসদে মো. শাহ আলমের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বর্তমানে হাসপাতালগুলোতে ১৪ হাজার ৯১১ জন নার্স কর্মরত রয়েছেন। বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে দিনের অধিবেশন শুরু হয়। মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকের যেসব পদ শূন্য রয়েছে, সেগুলো পর্যায়েক্রমে পূরণ করা হবে। অপু উকিলের এক প্রশ্নের জাবাবে রুহুল হক জানান, দেশে আমর্স ফোর্সেস মেডিকেল কলেজসহ মোট ১৯টি সরকারি মেডিকেল কলেজ থেকে প্রতিবছর গড়ে ১ হাজার ৯৭৩ জন এবং সরকারি ৩টি ডেন্টাল কলেজ (২টি ডেন্টাল ইউনিটসহ) থেকে ১৬৮ জন চিকিৎসক পাস করে বের হচ্ছে। এ বি এম গোলাম মোস্তফার প্রশ্নের জাবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে ১০ হাজার ৩২৩টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। চলতি অর্থবছরে ১ হাজার ২০৫টি কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী অর্থবছরে আরো ১ হাজার ৫৭১টি ক্লিনিকের নির্মাণ কাজ শুরু হবে। মন্ত্রী জানান, গত অর্থবছরে এসব ক্লিনিকে প্রায় ৪৩ কোটি টাকার ওষুধ সরবরাহ করা হয়েছে। চলতি অর্থবছরে সরবরাহ করা হচ্ছে প্রায় ৯১ কোটি টাকার ওষুধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২২১১ ঘ.