২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তত্ত্বাবধায়ক গুরুত্বপূর্ণ, তবে গণতন্ত্রের পরিপন্থী'

তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রসঙ্গে সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ব্যবস্থাটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হলেও এটি গণতন্ত্রের পরিপন্থী ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রসঙ্গে সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ব্যবস্থাটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হলেও এটি গণতন্ত্রের পরিপন্থী । বুধবার জাতীয় সংসদে সংবিধানে সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপনের সময় এ কথা বলেন বিশেষ কমিটির চেয়ারম্যান সাজেদা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির সুপারিশসহ সংবিধান সংশোধন প্রতিবেদন রাত পৌনে ৮টার দিকে সংসদে উপস্থাপন শুরু করেন সাজেদা। রাত সোয়া ৮টায় প্রতিবেদন উপস্থাপন শেষ হয়। এ সময় স্পিকার আবদুল হামিদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিবেশনে উপস্থিত ছিলেন। প্রতিবেদন উপস্থাপন শেষে তা আইন মন্ত্রণালয়ে পাঠাতে স্পিকারের প্রতি অনুরোধ জানান সাজেদা চৌধুরী। প্রতিবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান স্পিকার। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির ১৫ সদস্যের স্বাক্ষরসহ ৪০ পৃষ্ঠার ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিশেষ কমিটির ৫১টি সুপারিশের মধ্যে তিনটি বিষয় (বিছমিল্লাহ রাখা.., রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনীতি- ১, ৩ ও ১৭ নম্বর সুপারিশ) নিয়ে দুই সদস্যের আপত্তিসহ এ প্রতিবেদন উপস্থাপিত হয়। কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত গত ৫ জুন সাংবাদিকদের জানান, সংবিধান সংশোধনের বিষয়ে সুপারিশ চূড়ান্ত হয়েছে। ৮ জুনের মধ্যে তা সংসদে উপস্থাপন করা হবে বলেও সেদিন জানান সুরঞ্জিত। 'তত্ত্বাবধায়ক গুরুত্বপূর্ণ, তবে গণতন্ত্রের পরিপন্থী' বিশেষ কমিটির চেয়ারম্যান বলেন, নির্দলীয় তত্ত্বাধায়ক সরকারের বিধানটি অসহিষ্ণু রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানে একটি শান্তিপূর্ণ সমাধান ছিল। দলীয় সরকারের অধীনে পক্ষপাতদুষ্ট নির্বাচনের বিরুদ্ধে এদেশের জনগণের গণতান্ত্রিক সংগ্রামের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিধানটি অন্তর্ভুক্ত করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে সাজেদা চৌধুরী বলেন, বিদ্যমান ব্যবস্থাটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হলেও এটি গণতন্ত্রের পরিপন্থী। "সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছে আদালত। সুপ্রিম কোর্টের এ রায় মেনে নিয়ে এ ব্যবস্থার পরিবর্তে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার ধারা অব্যাহত রাখা শ্রেয় বলে কমিটির সদস্যরা সিদ্ধান্তে উপনীত হয়েছে।" সাজেদা চৌধুরী বলেন, "তবে অসহিষ্ণু রাজনৈতিক সংঘাত এড়াতে বিরোধী দল সংসদে এসে সাংবিধানিক পন্থায় যে প্রস্তাব রাখবে তা নিয়ে নতুনভাবে আলোচনা শুরু করে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছা যেতে পারে বলে কমিটি মনে করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৩২ ঘ.