২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেণীকক্ষে পাঠদান পদ্ধতির পরিবর্তন প্রয়োজন: প্রধানমন্ত্রী

শ্রেণীকক্ষে শিক্ষাদান পদ্ধতি পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রেণীকক্ষে শিক্ষাদান পদ্ধতি পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে। বুধবার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, "সরকার শিক্ষাক্ষেত্রে একটি গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে এগুচ্ছে। শ্রেণীকক্ষে পাঠদান পদ্ধতিরও পরিবর্তন আনতে হবে।" শিশু শেখানোর ক্ষেত্রে বেশি চাপ না দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, "দেখা যায়- ক্লাসে প্রচুর হোমওয়ার্ক দেওয়া হয়। যা শেষ করতে করতে শিশুদের গভীর রাত হয়ে যায়। তাদের বিনোদন, বিশ্রাম কোনো কিছুই হয় না।" শিক্ষাদানে শিক্ষকদের আরো সৃজনশীল হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাড়ির কাজ (হোমওর্য়াক) মুখস্ত নির্ভর না হয়ে সৃজনশীল হওয়া উচিত। এতে শিশুদের অনুসন্ধিৎসু মন ও মেধার বিকাশ ঘটবে। তাদের বুদ্ধিবৃত্তিক ও গবেষণার মনোভাব গড়ে উঠবে। তারা নতুন কিছু উদ্ভাবনের প্রেরণা পাবে। শিক্ষার্থীদের 'প্রাইভেট' পড়ার মনোবৃত্তি থেকে বেড়িয়ে আসার আহ্বান জানিয়ে হাসিনা বলেন, শ্রেণীকক্ষে ভালো লেখাপড়া হলে প্রাইভেট পড়ার আর দরকার হয় না। শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন করার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে হাসিনা বলেন, "শিক্ষকদের কেউ কেউ শিক্ষার্থীদের ওপর নির্যাতন করেন। ভাবেন, মারলেই তারা লেখাপড়ায় মনোযোগী হবে। আচার-আচরণ শিখবে। কিন্তু, ফল হয় তার উল্টো।" বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একটি আধুনিক, যুগোপযোগী কার্যকর শিক্ষানীতি প্রণয়ন করেছে উল্লেখ করে হাসিনা বলেন, "আমরা চাই, আগামী প্রজন্ম জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হোক। যে কোনো চালেঞ্জ মোকাবেলায় পারদর্শী হোক। আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠুক।" তিনি জানান, বিভিন্ন জেলায় ৮৩টি সরকারি উচ্চ বিদ্যালয়ে ডাবল শিফট চালু করা হয়েছে। অন্যদের মধ্যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান রাশেদ খান মেনন, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৯৩৮ ঘ.