২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন : মাগুরায় দুই প্রার্থীর জরিমানা

নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে মাগুরার মহম্মদপুর উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 07:24 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

মাগুরা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে মাগুরার মহম্মদপুর উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে নহাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলী মিয়া ও মোস্তফা কামাল লিটনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ সামছুদ্দোজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে ওই দুই প্রার্থী ও তার সমর্থকরা রাতে এলাকায় জমায়েত হয়। এ নিয়ে দুই পক্ষের সমর্থকরা মারমুখী অবস্থান নেয়। এতে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে দুই প্রার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নহাটা বাজারে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। ১৩ জুন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩১৮ ঘ.