ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের সংসদীয় আসনে একটি বাধের কাজের প্রেক্ষিতে পরিকল্পনা কমিশনের সমালোচনা করেছেন সরকারদলীয় সাংসদ তোফায়েল আহমদ।
জাতীয় সংসদে সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের পর জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিস নিয়ে কথা বলতে গিয়ে তোফায়েল বলেন, "মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলেও প্ল্যানিং কমিশন বাধার সৃষ্টি করে। প্ল্যানিং কমিশন দ্বৈত সরকারের ভূমিকা পালন করছে। মন্ত্রণালয় ২০ কোটি টাকার কথা বললেও প্ল্যানিং কমিশন তিন কোটি টাকা দেয়। মন্ত্রণালয় সুন্দর সিদ্ধান্ত নিলেও প্ল্যানিং কমিশন তা আটকে দেয়।"
জরুরি ভিত্তিতে ভোলা শহর রক্ষা বাধের তৃতীয় পর্বের কাজ শুরুর ব্যবস্থা গ্রহণের জন্য একটি নোটিস উত্থাপন করেন তোফায়েল।
তার নোটিসের জবাবে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, ভোলার বাধের কাজ তিন পর্যায়ে করা হবে। প্রথম প্রর্যায়ের কাজ শেষ হয়েছে।
বাধের এক দশমিক নয় কিলোমিটার ক্ষতিগ্রস্ত অংশকে 'সামান্য' অভিহিত করেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ে বাধের এক দশমিক নয় কিলোমিটারের কাজ করা হবে।
রমেশ চন্দ্র সেনের বক্তব্যের জবাবে তোফায়েল আহমদ বলেন, "মন্ত্রীর বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এক দশমিক নয় কিলোমিটারকে তিনি সামান্য বলছেন। উনি বলছেন- ফেইজ বাই ফেইজ কাজ করা হবে। কিন্তু, নদী তো ফেইজ বাই ফেইজ ভাঙ্গে না।"
তোফায়েল বলেন, আগামী অর্থবছরে ভোলা শহর রক্ষার বাধের জন্য কোনো বরাদ্দ রাখা হচ্ছে না বলেও তিনি জানতে পেরেছেন।
"আগামী অর্থবছরের মধ্যে এই বাধের কাজ শেষ করা না হলে, ভোলা শহর রক্ষা বাধ রক্ষা করা যাবে না।"
এরপর, রমেশ চন্দ্র সেন বলেন, "তোফায়েল আহমদ একজন প্রভাবশালী নেতা। তিনি বললেই তো আমরা কাজ করি। আমরা তো বসে নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৫০ ঘ.
bdnews24