মানিকগঞ্জ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
সোমবার নির্বাচন চলাকালে বেলা ৩টার দিকে উপজেলার চরকাটারী ইউনিয়নে সদস্য প্রার্থী মো. খইমুদ্দিন ও আবু সাঈদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
চরকাটারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রশিদ কামাল সাংবাদিকদের জানান, চরগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এক নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী খইমুদ্দিন ও আবু সাঈদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্ততঃ পাঁচজন আহত হয়।
দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোদেজা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৯৪৭ ঘ.
bdnews24