২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শিশু হত্যার চেষ্টা, নার্স গ্রেপ্তার

রাজধানীর কলাবাগানে তিন বছরের এক শিশুকে হত্যার চেষ্টার অভিযোগে এক সেবিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কলাবাগানে তিন বছরের এক শিশুকে হত্যার চেষ্টার অভিযোগে এক সেবিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, শিশুটির বাবার সঙ্গে পরকীয়া সম্পর্কের জের ধরে ধানমন্ডির একটি ক্লিনিকের সেবিকা বিলকিস খাতুন নাদিয়া সোমবার দুপুরে এই ঘটনা ঘটায়। আহত তাসকে মুনতে লাবণ্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলাবাগান থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাবণ্যর বাবা আবদুল মতিন একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। আর মা রিতা শবনম লুনা একজন গৃহিনী। তাদের বাসা ৮৩/১ ক্রিসেন্ট রোডে। পুলিশ জানায়, সোমবার বেলা ১২টার দিকে লুনা তার দুই সন্তান লাবণ্য ও অরণ্যকে (১) গৃহকর্মী লায়লার কাছে রেখে বাইরে গেলে বিলকিস খাতুন নাদিয়া ফ্ল্যাটে ঢুকে সঙ্গে করে আনা ছুরি দিয়ে লাবণ্যকে জবাই করার চেষ্টা করেন। এ সময় গৃহকর্মী লায়লার চিৎকারে আশেপাশের ফ্ল্যাটের লোকজন এসে বিলকিসকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। লায়লা পুলিশকে জানায়, মতিনের অফিসের কর্মী পরিচয় দিয়ে নাদিয়া বাসায় ঢোকে। সে পানি খেতে চাইলে লায়লা পানি আনতে অন্য ঘরে যায়। নাদিয়া এই সুযোগে লাবণ্যের ওপর হামলা চালায়। ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়েটির সঙ্গে লাবণ্যের বাবার প্রেমের সম্পর্ক ছিলো বলে আমাদের ধারণা। এর জের ধরেই সে এ ঘটনা ঘটিয়েছে।" এ ঘটনায় লাবণ্যের মা লুনা বাদী হয়ে একটি মামলা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/জেকে/১৯২২ ঘ.