২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির আবার সংঘর্ষ

চট্টগ্রামে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের আবার সংঘর্ষ বেঁধেছে। এতে আহত হয়েছে অর্ধশত, ভাংচুর হয়েছে তিনটি গাড়ি, আগুন দেওয়া হয়েছে একটি রিকশা ভ্যানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের আবার সংঘর্ষ বেঁধেছে। এতে আহত হয়েছে অর্ধশত, ভাংচুর হয়েছে তিনটি গাড়ি, আগুন দেওয়া হয়েছে একটি রিকশা ভ্যানে। হরতালে হামলার প্রতিবাদে সোমবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ করছিলো। সেখানেই বিকাল ৫টার দিকে পুলিশের সঙ্গে সংঘাত বাঁধে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষ বিএনপি কার্যালয়ের সামনে শুরু হলেও কাজীর দেউরি থেকে এনায়েতবাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিএনপিকর্মীরা একটি বাস, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার ভাংচুর করেছে। ভাংচুর হয়েছে কার্যালয় সংলগ্ন বিভিন্ন দোকানপাটও। একটি রিকশা ভ্যানেও আগুন দেওয়া হয়। বাইরে সংঘর্ষ চললেও নাসিমন ভবনের ভেতরে বিএনপির প্রতিবাদ সভা চলছিলো। রোববার হরতালের সময়ও নাসিমন ভবনের সামনে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘাত বেঁধেছিলো। হামলার প্রতিবাদে সোমবার দুপুরে বিএনপি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার আন্দোলন দমনে র‌্যাবকে ব্যবহার করছে। তিনি অভিযোগ করেন, পুলিশ ও আর্মড পুলিশ সদস্যরা র‌্যাবের উপস্থিতিতে বিএনপিকর্মীদের ওপর হামলা চালায়, যাতে আহত হয় অর্ধশত। হরতালের শেষ পর্যায়ে সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ হামলা চালায় দাবি করে এর বিচার দাবি করেন আমীর খসরু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭৩৭ ঘ.