নারায়ণগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদিতে সাধক শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২১তম তিরোধান উৎসবের পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে।
শুক্রবার ভোর থেকে আশ্রমে পূজা অর্চনা, গীতা পাঠ, কীর্তন, রাজভোগ, বাল্য ভোগ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। চলবে মঙ্গলবার পর্যন্ত।
দেশ বিদেশের লাখো ভক্ত এসেছেন লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। এবারের উৎসবে স্মরণকালের সবচেয়ে বেশি লোকের সমাগম ঘটে বলে আয়োজক কমিটির নেতারা জানান।
এদিকে বিপুল জনসমাগমের সুযোগে দুর্বৃত্তরা চালিয়ে যাচ্ছে ছিনতাই ও চাঁদাবাজি। এসব অভিযোগে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, একসঙ্গে অনেক মানুষ আসায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর ও এশিয়ান হাইওয়েতে তীব্র যানজট দেখা দেয়। সোনারগাঁও থেকে বারদি যাওয়ার সবগুলো রাস্তায়ও ছিল যানজট।
এরমধ্যেই দুর্বৃত্তরা অনেক মহিলার স্বর্ণের চেইন, কানের দুল, মোবাইল ফোন সেট, ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।
বারদির লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভাষ সাহা জানান, অন্যবারের তুলনায় এবার ভক্তদের উপস্থিতি অনেক বেশি। ভারত থেকে সবচেয়ে বেশি ভক্ত এসেছে। এসেছে শ্রীলংকা ও ভূটান থেকেও।
লোকজনদের ভিড় সামাল দিতে বেশ হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবক ও পুলিশকে।
তিনি বলেন, দিনভর পূজা-আর্চনাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা চলবে। দূর থেকে আসা ভক্তদের জন্য আশ্রমে কয়েকটি তীর্থ নিবাসে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল জানান, সারাদিনে কয়েক লাখ ভক্তের আগমন ঘটেছে উৎসবে। অনেকেই মৌখিকভাবে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ করেছে।
এসব অভিযোগে পুলিশ শুক্রবার পাঁচ মহিলাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, বারদি যাওয়ার সবগুলো পথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, আনসার, র্যাব সদস্যরা কাজ করছে। বারদি যাওয়ার পথে পাঁচটি পয়েন্টে ১২৫ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রী লোকনাথ ১৭৩০ খিস্ট্রাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসত মহাকুমার চুরাশিচাকলা গ্রামে রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। সাধনা করার জন্য ১০ বছর বয়সে লোকনাথের বাবা তাকে শাস্ত্রজ্ঞ ভগবান গাঙ্গুলীর হাতে তুলে দেন।
পরবর্তীতে তিনি সাধনা ও সিদ্ধিলাভের জন্য হিমালয়ের দুর্গম এলাকা, পবিত্র মক্কা শরীফ, কাশীধাম ও চন্দ্রনাথ পাহাড়ে দীর্ঘ সময় ধ্যানমগ্ন ছিলেন।
হিমায়ল থেকে আসার পর শ্রী লোকনাথ বারদীর ডেঙ্গু কর্মকারের অনুরোধে এখানে থেকে যান। এখানকার বিখ্যাত নাগ পরিবার সাধনার জন্য তাকে একটি আশ্রম প্রতিষ্ঠা করে দেন। মৃত্যুর আগ পর্যন্ত লোকনাথ ব্রহ্মচারী সেই আশ্রমেই ছিলেন।
বাংলা ১২৯৭ সালের ১৯শে জৈষ্ঠ্য ১৬০ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। তার ভক্তরা ব্যাপক আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিবছর দিনটি পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪২ ঘ.
bdnews24