২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পর্যটন শিল্পের উন্নয়নে বিনিয়োগ করুন'

সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও পর্যটন শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও পর্যটন শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। শুক্রবার দুপুরে চট্টগ্রামে একটি হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী এ আহ্বান জানান। ভৌগলিক অবস্থানের কারণে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও অবকাঠামোগত দিক দিয়ে বাংলাদেশ পিছিয়ে আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "পর্যটন শিল্পের বিকাশের জন্য আমরা অনেক পরিকল্পনা নিয়েছি, তবে গত আড়াই বছরে তার পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ফল পেতে আরও সময় প্রয়োজন।" উন্নত বিশ্বে পর্যটন শিল্পের বিকাশের কথা তুলে ধরে তিনি বলেন, "তারা পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে দেশকে উন্নত করেছে, আমাদেরও করতে হবে।" অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ এম এ লতিফ, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাবুল ইসলাম, অর্কিড বিজনেস হোটেল এর পরিচালক টমি মিয়া প্রমুখ। এম এ লতিফ বলেন, দেশের জনগণ কাজ করার সুযোগ পেলে দেশ আরও অনেক এগিয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/জেকে/২০৪১ ঘ.