কুষ্টিয়া, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদ সংগ্রহ করতে গিয়ে কুষ্টিয়ায় ঠিকাদারের লোকজনের হামলায় চার সাংবাদিক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে কুমারখালী উপজেলার শিলাইদহে গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- দৈনিক প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান, আরটিভি'র শেখ হাসান বেলাল এবং একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম ও ক্যামেরাম্যান সজীব হোসেন।
এর প্রতিবাদে সাংবাদিকরা দুপুরে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন।
আহত তৌহিদী হাসানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
সাংবাদিকদের বরাত দিয়ে কুমারখালী থানার ওসি আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১০টার দিকে সাংবাদিকরা শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি সংলগ্ন একটি রাস্তা ও ভবন নির্মাণ কাজের দুর্নীতি বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান।
কাজের ভিডিও চিত্র ধারণ করার সময় ওই কাজের ঠিকাদার আলী হোসেন ও তার লোকজন সাংবাদিকদের মারধর করে। এরপর তাদের একটি ঘরে আটকে রাখে।
প্রায় একঘণ্টা পর কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
ওসি আরো বলেন, হামলার ঘটনায় একুশে টেলিভিশনের জহুরুল ইসলাম বাদী হয়ে ঠিকাদার আলি হোসেনসহ ১৫ জনের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা করেছেন।
আসামিদের ধরার জন্য অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সুভাষ চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪১ ঘ.
bdnews24