ঝিনাইদহ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলায় সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলীকে (৫৫) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বৈডাঙ্গা গ্রামে তাকে কোপানো হয় বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি ইকবাল বাহার চৌধূরী সাংবাদিকদের জানান, রাত ১টার দিকে ৪/৫ জন লোক এসে শাহজাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাকে বাড়ির পাশে নিয়ে গিয়ে বেদম প্রহার করে এবং কুপিয়ে জখম করে রেখে যায়।
পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন রাতেই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার সকালে তিনি মারা যান বলে জানান ওসি।
পুলিশ ঘটনাস্থল থেকে ৪/৫টি লাঠি উদ্ধার করছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫৩৩ ঘ.
bdnews24