রাজশাহী, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীর যানজট নিরসনে দুটি বাসস্ট্যান্ড নগরীর বাইরে সরিয়ে নেওয়া হবে।
বৃহস্পতিবার বিকালে সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিরোইল বাসস্ট্যান্ড সরিয়ে নওদাপাড়া টার্মিনালে নিয়ে যাওয়া হবে। আর কুমারপাড়া বিআরটিসি বাসস্ট্যান্ড সরিয়ে নওদাপাড়া ট্রাক টার্মিনালে নিয়ে যাওয়া হবে।
এ সিদ্ধান্ত আগামী ১৫ জুন থেকে কার্যকর হবে।
সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিরোইল হতে চলাচলকারী ঢাকার কোচ ও আন্তঃজেলার সকল বাস নওদাপাড়া বাস টার্মিনাল থেকে এবং বিআরটিসির বাস নওদাপাড়া ট্রাক টার্মিনাল থেকে চলাচল করবে।
তবে শিরোইল বাসস্ট্যান্ড হতে বিভিন্ন উপজেলায় যাতায়াতকারী বাস আপাতত আগের স্থান থেকেই চলাচল করবে। এছাড়া রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচলকারী বাসগুলো মহানগরীর ভিতর দিয়ে টার্মিনালে যাতায়াত করবে।
শিরোইলে অবস্থিত ঢাকা কোচের কাউন্টারগুলো টিকিট বিক্রির জন্য চালু রাখা হবে। যাত্রীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের লক্ষে নওদাপাড়ার বাস ও ট্রাক টার্মিনালের প্রয়োজনীয় সংস্কারের জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে (আরডিএ) অনুরোধ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. ওবাইদুল্লাহ, জেলা প্রশাসক মুহাম্মদ দিলোয়ার বখত, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, আরডিএ'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম, রাজশাহী সড়ক পরিবহন গ্র"পের সভাপতি এনামুল হক, সম্পাদক মঞ্জুর রহমান পিটার, বিআরটিসির প্রতিনিধি ডাবলু সরকার, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি, সাধারণ সম্পাদক মো. মাহাতাব, আরডিএ'র নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, টাউন প্ল্যানার আজমেরী আশরাফী ও সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ।
সভা শেষে মেয়র ও সভায় যোগদানকারী ব্যক্তিবর্গ নওদাপাড়া বাস ও ট্রাক টার্মিনাল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২২৪ ঘ.
bdnews24