২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ১০ হাজার বস্তা ইউরিয়া জব্দ

নথিতে উল্লেখ করা পরিমাণের চেয়ে বেশি মজুদ রাখায় দিনাজপুরের দুটি গুদাম থেকে প্রায় ১০ হাজার বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

দিনাজপুর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নথিতে উল্লেখ করা পরিমাণের চেয়ে বেশি মজুদ রাখায় দিনাজপুরের দুটি গুদাম থেকে প্রায় ১০ হাজার বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুর শহরের পুলহাটের এ দুটি গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলহাট এলাকার সার ব্যবসায়ী মোছাদ্দেক হোসেন, আব্দুস সাত্তার ও সুজাউর রবের গুদামে তল্লাশী চালিয়ে ১৫ হাজার ৬২০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। অথচ কৃষি অফিসে দেওয়া তথ্যে মজুদের পরিমাণ ৫ হাজার ৯৬৬ বস্তা বলে উল্লেখ করেছিলেন তারা। অতিরিক্ত ৯ হাজার ৯৫৪ বস্তা সার জব্দ করে গুদামদুটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার ইউরিয়া সারের দাম কৃষক পর্যায়ে প্রতি কেজিতে আট টাকা বাড়িয়ে ২০ টাকা করা হয়। আগে উত্তোলন ও মজুদ করা সার আগের দামেই বিক্রি করার নির্দেশ থাকলেও বিভিন্ন স্থানে নতুন দামে পুরনো সার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে বুধবার ফরিদপুরে দুই ব্যবসায়ীকে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত। পুলহাটের গুদাম মালিক আব্দুস সাত্তার ও মোছাদ্দেক হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, গত দুই মাসে বিসিআইসি থেকে তোলা সার গুদামে রেখেছিলেন তারা। এখন ইউরিয়া সারের চাহিদা না থাকায় সারের মজুদ বেশি হয়েছে। বরাদ্দের অতিরিক্ত সার মজুদ থাকার বিষয়ে জানতে চাইলে আব্দুস সাত্তার বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের (সাব-ডিলার) কাছ থেকে ওই সার কেনা হয়েছে। এভাবে সার কেনা ও মজুদ করা অবৈধ স্বীকার করলেও তিনি বলেন, "সরকার যখন ইউরিয়ার দাম কমিয়েছিল, প্রশাসন তখন মজুদ তদারক করতে আসেনি। তখন আমাদের লোকসানের হিসাবও নেওয়া হয়নি। এখন সারের দাম হঠাৎ বাড়ানো হয়েছে। দাম বাড়ার বিষয়টি আমাদের আগে জানা ছিলো না।" সারের দাম বাড়ার সঙ্গে এ মজুদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, কাগজপত্র পরীক্ষা করে সংশ্লিষ্ট গুদাম মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ৩১ মের হিসাব অনুযায়ী বর্তমানে দেশে ছয় লাখ ৩৭ হাজার আটশ ১৯ টন ইউরিয়া সার মজুদ রয়েছে। প্রতিবছর দেশে ৩০ লাখ মেট্রিকটন ইউরিয়া সারের প্রয়োজন হয়। এরমধ্যে ৯ লাখ টনের মতো ইউরিয়া দেশে উৎপাদন হয়। বাকি সার আমদানি করতে হয়। প্রতি টনের আমদানি ব্যয় ৩৪ হাজার টাকা। কৃষি মন্ত্রণালয় থেকে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে সারের ওপর ভর্তুকির পরিমাণ ছিলো সাত হাজার কোটি টাকা। ইউরিয়া সারে প্রতি কেজিতে ভর্তুকি ছিলো ২৪ টাকা, এখন তা কমিয়ে ১৬ টাকা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৯১১ ঘ.