ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "বাড়ির ছাদে একটি হলেও গাছ লাগান। বাড়ির পাশে এক ইঞ্চি জায়গা ফাঁকা থাকলেও সেখানে গাছ লাগান। একটু জায়গাও ফাঁকা রাখবেন না।"
বনজ, ফলজ ও ভেষজ গাছ লাগাতে নাগরিকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
বৃক্ষনিধন বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, "যিনি লোভের বশবর্তী হয়ে বৃক্ষ নিধন করছেন, তিনি শুধু নিজের নয়, প্রকৃতির ও দেশেরও ক্ষতি করছেন।"
নগরায়নের কারণে ব্যাপক হারে গাছ কাটা পড়লেও সে হারে নতুন গাছ রোপণ না হওয়ায় হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী এ অনুষ্ঠান হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয় শেরেবাংলা নগরে জাতীয় উদ্যানে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং মাসব্যাপী বৃক্ষমেলার এ আয়োজন করেছে।
এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার স্লোগান হচ্ছে-'দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি'। এ বছর ৯ কোটি চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের বাংলাদেশের সম্ভাব্য ক্ষতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর ৩ মিলিমিটার করে বাড়ছে। এ ঝুঁকির চিন্তা মাথায় রেখেই আমাদের ব্যবস্থা নিতে হবে। আশঙ্কা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের উপকূলের বিরাট অংশ সমুদ্রসীমার নিচে চলে যাবে।"
জলবায়ু পরিবর্তনের জন্য শিল্পোন্নত দেশগুলোকে দায়ী করলেও দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে দেশের বন ও পরিবেশ রক্ষার তাগিদ দেন তিনি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্য প্রাণী রক্ষায়ও সবাইকে সচেতন হতে বলেছেন হাসিনা।
সমুদ্রবক্ষ থেকে ৪ লাখ ৭০ হাজার হেক্টর জমি উদ্ধারের তথ্য তুলে ধরে তিনি বলেন, "জলাভূমি থেকে আরো বেশি পরিমাণ জমি উদ্ধার করতে হবে। নদী খনন করেও আমরা জমি উদ্ধার করতে পারি।"
বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় সরকারের নেওয়া উদ্যোগের কথাও প্রধানমন্ত্রী তার বক্তৃতায় উল্লেখ করেন। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার ওপরও জোর দেন তিনি।
অভিভাবকদের তাদের সন্তানদের নিয়ে বৃক্ষ মেলা ঘুরে দেখানোর অনুরোধ করে শেখ হাসিনা বলেন, প্রত্যেক জেলায় এরকম মেলা হওয়া উচিত।
বন্য প্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও প্রকল্প বাস্তবায়ন কাজে অবদানের জন্য ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ বাংলাদেশ এবং বন্য প্রাণী গবেষক ড.আলী রেজা খান বঙ্গবন্ধু ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন-২০১০ পদক দেওয়া হয়।
সামাজিক বনায়নের জন্য পাঁচজনকে বিভিন্ন অঙ্কের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া বৃক্ষরোপণে প্রশংসনীয় অবদানের জন্য তিনটি ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার-২০১০ পান ১৬ প্রতিষ্ঠান ও ব্যক্তি।
দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন।
হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য, সরকারদলীয় সংসদ সদস্য, দাতা ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী বৃক্ষ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24