সাতক্ষীরা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাব পরিচয়ে টাকা দাবি করার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কর্মকর্তাকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসীরা।
সোমবার দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাসখামার গ্রামে এই ঘটনা ঘটে।
আটক হয়েছেন- পরিদর্শক নাসির উজ জামান ও উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম।
দেবহাটা থানার ওসি মশিউর রহমান বলেন, পরিদর্শক নাসির উজ জামান ও উপ-পরিদর্শক সিরাজুল ইসলামকে বিকাল ৪টার দিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এ ঘটনায় খাসখামার গ্রামের আলাউদ্দীন সরদার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম বলেন, ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা'র উপ-পরিচালককে (ডিডি) বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান।
গ্রামবাসীর বরাত দিয়ে কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুল হক জানান, দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কালিগঞ্জ সার্কেলের পরিদর্শক নাসির উজ জামান, উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক ইসাহাক মোল্যা ও কনস্টেবল আব্দুল হালিম খাসখামার গ্রামে যান।
তারা স্থানীয় পল্লী চিকিৎসক আলাউদ্দীন সরদারের ক্লিনিকে গিয়ে নিজেদের র্যাব পরিচয় দিয়ে বলেন, "তুমি হেরোইনের ব্যবসা কর।"
এ সময় তারা আলাউদ্দীনের কাছে বিশ হাজার টাকা দাবি করেন। না দিলে তাকে ধরে নিয়ে যাওয়ার ভয় দেখান।
আলাউদ্দীন বিষয়টি ফোনে তার ভাই কুলিয়ার ইউপি সদস্য মিজানুর রহমান জানান।
মিজানুর রহমান এলাকার লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে ইসাহাক মোল্লা ও আব্দুল হালিম পালিয়ে যান।
ওই সময় লোকজন নাসির উজ জামান ও সিরাজুল ইসলামকে আটক করে পুলিশে দেয়।
এদিকে আটক নাসির উজ জামান টাকা দাবি করার কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে তারা খাসখামার গ্রামে আলাউদ্দীনের ক্লিনিকে অভিযান চালান। সেখানে কিছু না পেয়ে তারা ফিরে আসছিলেন।
এ সময় গ্রামবাসীরা তাদের কাছে সোর্সের নাম জানতে চায়। তা না জানালে গ্রামের লোকজন তাদের আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৮ ঘ.
bdnews24