ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের সঙ্গে বাণিজ্যের সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে পারছে না বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
সোমবার ডিসিসিআই মিলনায়তনে এক কর্মশালায় ঢাকার ব্যবসায়ীদের এই সমিতি এ অভিমত দেয়।
সমিতির সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, "জাতিসংঘের তালিকায় ৯৬টি দেশের সাত হাজার সাতশ ৮২টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত থাকলেও বাংলাদেশের রয়েছে মাত্র দুটি প্রতিষ্ঠান। প্রতিবেশী দেশগুলোর অনেক প্রতিষ্ঠানই এই ব্যবসা করছে। অথচ বাংলাদেশ এ সুযোগ কাজে লাগাতে পারছে না।"
নকশা, প্রকৌশল, নির্মাণ, রাসায়নিক দ্রব্য, খাদ্যপণ্য সরবরাহ, ভ্রমণ ও বিমান পরিবহন ইত্যাদি ক্ষেত্রে ব্যবসার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
'জাতিসংঘের সঙ্গে বাণিজ্য এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের তালিকাভুক্তিতে করণীয়' শিরোনামের এ কর্মশালা আয়োজন করে ডিসিসিআই।
ইব্রাহিমের মতে, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত করতে হলে এই বিশ্ব সংস্থাটির সঙ্গে বহুমাত্রিক ব্যবসা সহায়ক হবে।
বাণিজ্যমন্ত্রী ফারুক খান সমিতির এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।
তিনি বলেন, "জাতিসংঘের সঙ্গে বাণিজ্য সুবিধা ব্যবসায়ের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটি ক্ষেত্র উম্মোচিত হতে পারে। উন্নত মানের পণ্য ও ব্যবসায়িক অভিজ্ঞতার কারণে বাংলাদেশের ব্যবসায়ীদের এক্ষত্রে সফলতা অর্জনের সুযোগ রয়েছে।"
বাংলাদেশ নানাভাবে জাতিসংঘের কার্যক্রমে যুক্ত- একথা জানিয়ে ফারুক খান বলেন, "বাংলাদেশের পণ্যের মান অনেক দেশের তুলনায় উন্নত হওয়ায় সুনামের পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ীরা জাতিসংঘের ক্রয়বাণিজ্যে বিশেষ অবদান রাখতে পারবেন।"
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন বলেন, "এই ব্যবসার খাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বাংলাদেশে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।"
জাতিসংঘের ক্রয় বিভাগের অফিসার ইনচার্জ দিমিত্রি দোভগোপলি বলেন, "৯৬টি দেশ থেকে জাতিসংঘ পণ্য কিনছে। আমরা আরো বেশি দেশ থেকে পণ্য নিতে চাই। প্রতিযোগিতার বাজারে বাংলাদেশ টিকে থাকতে পারবে বলেই আমার বিশ্বাস। বাংলাদেশের এই সক্ষমতা ও মানসম্পন্ন পণ্য রয়েছে।"
কর্মশালায় অন্যদের মধ্যে শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি একে আজাদসহ ডিসিসিআই'র সহ-সভাপতি নাসির হোসেন ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/১৮৩৭ ঘ.
bdnews24