২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের তৃণমূল কংগ্রেস ও সিপিএম সমর্থকদের দ্বন্দ্বের জেরে ওইপাশের পেট্রাপোল বন্দর দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

বেনাপোল, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের তৃণমূল কংগ্রেস ও সিপিএম সমর্থকদের দ্বন্দ্বের জেরে ওইপাশের পেট্রাপোল বন্দর দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করছে না। ফলে বুধবার দুপুর থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পেট্রাপোল বন্দর কাস্টমস ক্লিয়ারিং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, পশ্চিবঙ্গে নতুন দল ক্ষমতায় আসার পর পেট্রাপোল বন্দরের কাজ ভাগাভাগি নিয়ে তৃণমূল কংগ্রেস ও সিপিএম সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দুপুরে সিপিএম সমর্থকরা প্রধান সড়ক অবরোধ করলে ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ শতাধিক আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। বেনাপোল চেকপোস্টের কাস্টমস কার্গো শাখার পরিদর্শক সাধুদেব বৈরাগী জানান, পেট্রাপোল বন্দরের কাজ ভাগাভাগির জেরে দুপুর ১২টা থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য রয়েছে বন্ধ। তবে বিশেষ সুপারিশে কয়েক ট্রাক পচনশীল পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এ ব্যাপারে বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, ভারতের দু'টি রাজনৈতিক দলের মধ্যকার গোলোযোগের কারণে পণ্য বহন বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস ও বন্দর গুদামে পণ্য ওঠানামাসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩১ ঘ.