মানিকগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্বৃত্তের হামলায় জেলা জাসদের যুগ্ন-সম্পাদক নজরুল ইসলাম বাদশা গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তার মোটরসাইকেলটিও ছিনিয়ে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে সদর উপজেলার মূলজান এলাকায় এ হামলা হয়।
আহত নজরুল ইসলাম বাদশা (৪২) মানিকগঞ্জ জজ আদালতের একজন আইনজীবী। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাদশার ভাই লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মটরসাইকেলযোগে গ্রামের বাড়ি গিলণ্ড থেকে মানিকগঞ্জ যাচ্ছিলেন বাদশা। রাত ৮টার দিকে মাইক্রোবাসে আসা পাঁচ-ছয়জন মুলজান এলাকায় পথরোধ করে লোহার রড ও চাপাতি দিয়ে হামলা চালায় তার উপর। তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় তারা।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ননীভূষণ তরফদার জানান, হাসপাতালে ভর্তি বাদশা মাথা ও বাম হাতে মারাত্মক আঘাত পেয়েছেন। তার মাথায় ১০টি সেলাই দেওয়া হয়।
সদর থানার ওসি আবু তাহের মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২৩২০ ঘ.
bdnews24