ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশ ১২তম জন্মবার্র্ষিকী বুধবার।
এ উপলক্ষে বুধবার থেকে ঢাকাসহ দেশের চারটি এলাকায় কবির স্মৃতি বিজড়িত স্থানে সরকারি উদ্যোগে তিনদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, রাষ্ট্রপতি জিল্লুর রহমান বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহের ত্রিশালে এ অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন।
১৮৯৯ সালের ২৫ মে (বাংলা ১৩০৬ সালের ১১ জৈষ্ঠ্য) নজরুল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি।
বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালের ২৪ মে অসুস্থ কবিকে ঢাকায় নিয়ে আসা হয়। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মানসূচক ডক্টর অব লেটার্স (ডিলিট) ডিগ্রি দেয়। ১৯৭৬ সালে কবিকে 'একুশে পদক' দেওয়া হয়। সে বছরের ২৯ অগাস্ট তৎকালীন পিজি হাসপাতালে প্রয়াত হন মানবতা ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। জাতীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তরপাশে।
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বাণী
নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, কালজয়ী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, প্রেম, তারুণ্য ও দ্রোহের কবি। তার শিকল ভাঙার গানে সে সময়কার ঝিমিয়ে পড়া বাঙালি সমাজ জেগে উঠেছিল। তার সাহিত্যকর্ম মানব অনুভূতির গভীরে প্রোথিত হয়ে নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য বিশ্ববিবেককে নাড়া দিয়েছিল।
মুক্তিযুদ্ধে কবির প্রেরণাদায়ী রচনার ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, তার কবিতা ও গান যেমন ব্রিটিশবিরোধী আন্দোলনে এ উপমহাদেশের মানুষকে উজ্জীবিত করেছিল, তেমনি পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে বাংলাদেশের মুক্তিকামী মানুষকেও অনুপ্রাণিত করেছিল প্রবলভাবে।
রাষ্ট্রপতি বলেন, "নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এক শাশ্বত দিকপাল, উজ্জ্বল নক্ষত্র। তার অগ্নিঝরা লেখনী থেকে একদিকে বেরিয়ে এসেছে সমাজ পরিবর্তনের দর্শন, শোষিত-বঞ্চিতদের অধিকার, জাতীয়তাবাদের চেতনা অন্যদিকে প্রেম-ভালোবাসা আর মানবতাবোধ।
নারী অধিকার প্রতিষ্ঠায় নজরুলের অবদান উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, নজরুল সমাজের শৃঙ্খল ভেঙে নারীর মর্যাদাকে তুলে ধরেছেন, ধর্মের ভেদাভেদের ঊর্ধ্বে মানবতাকে স্থান দিয়ে তার জয়গান গেয়েছেন।
বরাদ্দ ২৫ লাখ টাকা
প্রতি বছর কবির জন্মদিন রাষ্ট্রীয়ভাবে পালন করা হলেও এ বছর কবির 'বিদ্রোহী' কবিতা রচনার ৯০ বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঢাকা ও ময়মনসিংহ ছাড়াও চট্টগ্রাম ও কুমিল্লায় বিশেষ আয়োজনের মাধ্যমে কবির জন্মোৎসব পালিত হবে। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে জানিয়ে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী বলেন, এবার জাতীয়ভাবে এ দিবস উদযাপনে সরকার ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
এছাড়া আগামী ২৪ ও ২৫ জুন ঢাকায় একটি আন্তর্জাতিক নজরুল সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের নজরুল গবেষক ও শিল্পীরা যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২১০২ ঘ.
bdnews24