২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে ধসের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

তেজগাঁওয়ের নাখালপাড়ায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কারণে ধসে পড়া ও ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা ক্ষতিপূরণ দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁওয়ের নাখালপাড়ায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কারণে ধসে পড়া ও ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা ক্ষতিপূরণ দাবি করেছেন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ইমপালস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তারা ক্ষতিপূরণ দাবি করেন। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক হুমায়ুন কবীর বলেন, প্রতিবাদ করা সত্ত্বেও ইমপালস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নিয়ে ডোবার মধ্যে ভবন নির্মাণের কাজ শুরু করে। এতে আশেপাশের বাড়িগুলোতে ফাটল দেখা দেয়। তিনি জানান, গত ১৩ মে ফাটল বড় আকার ধারণ করলে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু তারা কোনো ব্যবস্থা না নিয়েই কাজ চালিয়ে যায়। ধসে পড়া এবং ক্ষতিগ্রস্ত সব বাড়ির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া; পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ পুনস্থাপন, দোষি রাজউক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ধসে পড়া রাস্তাটি মেরামতের জন্য সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়। গত ২০ মে রাতে তেজগাঁওয়ের নাখালপাড়ায় ইমপালস মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের ত্র"টির কারণে আশপাশের এলাকায় ধস ও ফাটল দেখা দেয় বলে রাজউক ও দমকল বাহিনী জানায়। এতে চারটি টিনশেড ভবন ও একটি রাস্তা ধসে পড়ে। ওই ঘটনায় মোট আটটি মামলা হয়। মামলাগুলোর আসামি হিসেবে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব এজেডএম জাদি হোসেনকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সোমবার তিনি জামিনে মুক্তি পান। আট মামলার সাতটিতে ডা. জাহিদ ছাড়া ইমপালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আলী জহির আল আমিন, পরিচালক খালেদা ইয়াসমিন, প্রকল্প পরিচালক ডা. প্রফেসর শাহ আলম, মেজর (অব.) আলমগীর হোসেন, অধ্যাপক শামসুজ্জামান, প্রকৌশলী অসীম গোস্বামী, প্রকৌশলী সুরজিৎ দত্ত, প্রকৌশলী জি এম হাফিজ, প্রকৌশলী মো. আলমগীর হোসেন, প্রকৌশলী আব্দুর রবসহ মোট ৬৬ জনকে আসামি করা হয়। নির্মাণাধীন হাসপাতালটির আশেপাশের ক্ষতিগ্রস্ত ভবন মালিক হারুনুর রশিদ, আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ (১), সাখাওয়াত হোসেন, আবুল কালাম আজাদ (২), আলমগীর শেখ ও মো. মাজহারুল ইসলাম লিটন এসব মামলা দায়ের করেন। ক্ষতিগ্রস্ত অন্য বাড়ির মালিক মো. সাখাওয়াত হোসেন দাবি করেন, দুটি বাড়ি ধসে যাওয়ায় তাদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। আশেপাশের বাড়ির মালিকদের কৌশলে জমি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে ধসের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করে সাখাওয়াত বলেন, এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ আশেপাশের সব জমি তাদের দাবি করে ভুয়া সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছিলো। এ ঘটনায় আশেপাশের আরো ২০-২২টি বাড়ির লোকজন পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না থাকায় বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলে জানান সাখাওয়াত। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আব্দুল কাদির, ওয়াহিদুর রহমান, আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমইউএস/পিডি/১৯১৮ ঘ.