২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুই লাশ উদ্ধার

সাভার পৌর এলাকায় মঙ্গলবার এক ব্যবসায়ী ও এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

সাভার, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার পৌর এলাকায় মঙ্গলবার এক ব্যবসায়ী ও এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জামসিং মহল্লায় একটি নির্মাণাধীন বাড়ির মেঝে খুঁড়ে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের (২৪) মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। বাড্ডা ভাটপাড়া থেকে উদ্ধার করা হয় গৃহবধূ কোহিনুর আক্তারের লাশ। ঢাকার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর পৌনে ২টার দিকে জামসিং মহল্লার নির্মাণাধীন বাড়ির পাশে একটি টিনসেড বাড়িতে কাজ করার সময় রাজমিস্ত্রীরা দুর্গন্ধ পেলে স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি মেঝেতে বালুর মধ্যে পুঁতে রাখা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, পরনের শার্ট ও প্যান্ট দেখে নিহতের স্ত্রী ও মা লাশ সনাক্ত করেন। নিহত জাহাঙ্গীর আলমের মা সুজিয়া খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৮ মে রাত ৮টার দিকে জাহাঙ্গীরকে তার বন্ধু ভাটপাড়া এলাকার দেলোয়ার হোসেন বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর ঘরে ফেরেননি। জাহাঙ্গীর নিখোঁজ হওয়ায় সোমবার সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত জাহাঙ্গীর পৌর এলাকার জামসিং মহল্লার ইয়াকুব আলীর ছেলে। তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ খালেদা। এ ব্যাপারে সাভার মডেল থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। খালেদা আক্তারের স্বামী ইউনুস আলী একজন সেনা সদস্য। তাদের দুটি সন্তান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯১৫ ঘ.