ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত হজ প্যাকেজ প্রত্যাহার করতে দুই মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
ধর্ম এবং বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয় সচিবের বরাবরে মঙ্গলবার ডাকযোগে এই নোটিস পাঠান আইনজীবী আশরাফ-উজ-জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগামী ৫ দিনের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা না নিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নোটিসে বলা হয়, গত ২৯ মার্চ ধর্ম সচিব হজ প্যাকেজ-২০১১ ঘোষণা করেন, যাতে ব্যালটি হজযাত্রীদের জন্য ২ লাখ ৫৯ হাজার ৪২ টাকা প্যাকেজ রেট ধরা হয়। এর মধ্যে টিকিটের দাম ধরা হয়েছে ১ লাখ ৮ হাজার ৪১০ টাকা। প্যাকেজে অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থাকেও এই অর্থে যাত্রী পরিবহনের কথা বলা হয়েছে। অথচ সাধারণ সময়ে একই টিকেটের দাম মাত্র ৫০ হাজার ৭০০ টাকা।
এর মাধ্যমে বিমান পরিবহন কোম্পানিগুলোকে অবৈধ টাকা উপার্জনের সুযোগ করে দেওয়া হয়েছে বলে নোটিসে উল্লেখ করা হয়।
আশরাফ-উজ-জামান নোটিসের উদ্ধৃতি দিয়ে বলেন, "পবিত্র হজ পালনে বিভিন্ন দেশ ভর্তুকি দিয়ে থাকে। ৯০ ভাগ মুসলমানের দেশে ভর্তুকি না দিয়ে উল্টো অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/জেকে/১৮৫৮ ঘ.
bdnews24