ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড়ের সময় ঝিনাইদহে বজ্রপাতে এবং মুন্সীগঞ্জে দেওয়াল চাপায় দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর ও কোটচাঁদপুর এবং বিকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় কালবৈশাখী ঝড় হয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, দুপুরে কোটচাঁদপুর উপজেলায় বজ্রপাতে নিহত হন উপজেলার রুদ্রপুর গ্রামের কৃষক বিশারত আলী (৬০)।
এছাড়া সদর উপজেলায় ঘর ও গাছচাপা আহত হন অন্তত ২৫ জন। প্রায় তিনশ' কাঁচা ও টিনের ঘর বিধ্বস্ত হয়েছে।
ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু জানান, জেলা শহরে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। ঘর ও গাছ চাপায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আহত ২০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরো জানান, সদর উপজেলার সাধুহাটি, মধুহাটি, পাগলাকানাই ইউনিয়নে অন্তত অর্ধশত কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।
কোটচাঁদপুর পৌর কাউন্সিলর হাফিজুল ইসলাম স্বপন জানান, ঝড়ের মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন উপজেলার রুদ্রপুর গ্রামের কৃষক বিশারত আলী (৬০)।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বিকালে ঝড়ের সময় টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে দেয়াল ধসে নিহত হয় পূজা (৩) নামের এক শিশু।
এছাড়া দেওয়াল চাপায় আহত হয় সজিব (১০) ও বিপুল (১১)।
টঙ্গীবাড়ি থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, বালিগাঁও বাজারের কাছে একটি দেওয়ালের পাশে বেশ কয়েকজন শিশু খেলছিল। ঝড়ের সময় হঠাৎ দেয়ালটি ভেঙে পড়লে পূজা নিচে চাপা পড়ে মারা যায়। সজিব ও বিপুল আহত হয়।
পূজা সিরাজদিখান উপজেলার রামঘোষের মেয়ে। সে টঙ্গীবাড়ি মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৭ ঘ.
bdnews24