২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে কালাজ্বরে একজনের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কালাজ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

পঞ্চগড়, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কালাজ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট গ্রামের বাসিন্দা যামিনী কুমার রায় (৫০) ১৪ দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে তার মৃত্যু হয়। ওই চিকিৎসক জানান, দেবীডুবা ইউনিয়নের দারারহাট গ্রামেই কালাজ্বরের প্রকোপ বেশি। এদিকে যামিনী রায়ের মৃত্যুর পর স্থানীয় প্রশাসন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জরুরি সচেতনতা সভা করে। সভায় দারারহাটে একটি স্বাস্থ্য ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয় বলে জানান ডা. মো. মাসুদ। তিনি জানান, কালাজ্বরে আক্রান্ত আরো ৪২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৮ জনকে ইনজেকশন এবং অন্যদের ক্যাপসুল দেওয়া হচ্ছে। কালাজ্বর পরীক্ষার উপকরণ না থাকায় বেশ কিছুদিন ধরে রোগীদের রক্ত পরীক্ষা করতে পারছিলেন না স্থানীয় চিকিৎসকরা। মঙ্গলবার রক্ত পরীক্ষার উপকরণ ও ইনজেককশন পঞ্চগড়ে পৌঁছায়। সঙ্গে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকও এসেছেন ঢাকা থেকে। পঞ্চগড়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ কে এম বদরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রক্ত পরীক্ষার ৪০০ আরডিটিআরকে-৩৯ স্টিক ও ৮৭০ ভায়াল (প্রতি ভায়াল ৩০ মিলিগ্রাম) ইঞ্জেকশন মঙ্গলবার হাতে পেয়েছেন তারা। তিনি বলেন, "কালাজ্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লোকজনের আতঙ্ক দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।" দারারহাট গ্রামের বাসিন্দা অনূকুল চন্দ্র রায় জানান, কালাজ্বরে যামিনী মারা যাওয়ার পর দারারহাটসহ আশপাশের গ্রামগুলোর মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। তার দাবি, এলাকায় দুই থেকে আড়াইশ লোক কালাজ্বরে আক্রান্ত হয়েছে। ওই গ্রামের আব্দুল জব্বার (৩৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার দেড় বছরের মেয়ে জান্নাতুন নাহারও কালাজ্বর আক্রান্ত। স্থানীয় চিকিৎসকরা বলেছেন, এতো কম বয়সী শিশুর চিকিৎসা তাদের কাছে নেই। এ কারণে জান্নাতুন নাহারকে রংপুরে নিয়ে চিকিৎসা করানো হচ্ছে। তার মেয়ের অবস্থা বর্তমানে ভালো নয় বলে জানান জব্বার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৫১ ঘ.

এ সম্পর্কিত আরো খবর