ব্রাহ্মণবাড়িয়া, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দু'দল শ্রমিকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১১ জন।
মঙ্গলবার সকালে পানিশ্বরে দু'দল চালকল শ্রমিকের মধ্যে এ সংঘর্ষে নিহত হয়েছেন সাত্তার রাইস মিলের শ্রমিক সর্দার মাজুমিয়া (৪৫)।
আহতদের মধ্যে এলম খাঁ (৩৫) ও ফয়েজুল মিয়া (৩৮) নামে দুইজনের নাম জানা গেছে। তাদের আশুগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাকিদের ভৈরব ও বাজিতপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের পরিচয় জানা যায়নি।
সরাইল থানার ওসি জহিরুল ইসলাম জানান, পানিশ্বরের সাত্তার রাইস মিলের শ্রমিক সর্দার মাজুমিয়া এবং একই এলাকার পপুলার রাইস মিলের শ্রমিক সর্দার রফিকুল ইসলামের (৪০) মধ্যে দীর্ঘদিন ধরে শ্রমিক নিয়োগ ও ছাঁটাই নিয়ে বিরোধ চলছিল।
এর জেরে বেলা ১১টার দিকে রফিকুল ইসলাম ২০/২৫ জন শ্রমিক নিয়ে সাত্তার রাইস মিলে শ্রমিকদের উপর হামলা চালায়। এ সময় ওই মিলের মাজুমিয়ার সমর্থকরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে শ্রমিক সর্দার মাজুমিয়া ঘটনাস্থলেই নিহত হন। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24