২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানে সবুজ সংকেত

সীমানা নিষ্পত্তি না করে তফসিল ঘোষণা করায় চাঁদপুরের আলগি দুর্গাপুর ও চট্টগ্রামের সাতকানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ দুই সপ্তাহ স্থগিত করেছে চেম্বার আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 11:28 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমানা নিষ্পত্তি না করে তফসিল ঘোষণা করায় চাঁদপুরের আলগি দুর্গাপুর ও চট্টগ্রামের সাতকানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ দুই সপ্তাহ স্থগিত করেছে চেম্বার আদালত। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্রার্থীদের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার এই আদেশ দেন। আলগি দুর্গাপরের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিলের পক্ষে অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী এবং সাতকানিয়া ইউনিয়নের প্রার্থী মজিবুর রহমানের পক্ষে অ্যাডভোকেট মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। আদেশের পর আবেদনকারীদের আইনজীবীরা জানান, এই নিষেধাজ্ঞার ফলে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই। গত ১৫ মে একটি রিট আবেদনে বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ ১০টি ইউনিয়নে নির্বাচনের ওপর ৩ মাসের স্থগিতাদেশ দেন। বাকি আট ইউনিয়ন হলো- চাঁদপুর জেলার চরভৈরবী, নীলকমল, দুর্গাপুর নর্থ, দুর্গাপুর সাউথ এবং গাজীপুর, বরিশালের হিজলা-গৌরবদী, শরীয়তপুরের কুচাইপট্টি এবং আলাওলপুর (গরিবের চর)। আগামী ৩১ মে থেকে ৫ জুলাই দেশের ৪১৪টি উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭১৯ ঘ.