২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ছিনতাইকারী সন্দেহে এক দোকান মালিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে ফেনী শহরে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 11:04 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ফেনী, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইকারী সন্দেহে এক দোকান মালিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে ফেনী শহরে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। শহরের এসএসকে সড়কের এফ রহমান এসি মার্কেটের কাপড়ের দোকান নবরূপার মালিক শাহাদাত হোসেন টিটুকে (৩৫) রোববার বিকেলে ইসলামী ব্যাংক ফেনী শাখার ভেতরে ছিনতাইকারী সন্দেহে প্রহার করা হয়। অশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। এর প্রতিবাদে ফেনী চেম্বার অব কমার্স, শহর ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ী কল্যাণ সমিতি, মহিপাল ব্যবসায়ী সমিতি ও এফ রহমান মার্কেট দোকান মালিক সমিতি মঙ্গলবার দুপুরে শহরের ট্রাংক রোডে বিক্ষোভ করে। ব্যবসায়ী নেতা ওমর ফারুকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান, ব্যাবসায়ী নেতা জিয়াউদ্দিন মাস্টার, মো. ফারুক হারুন, আব্দুল গোফরান বাচ্চু, ইকবাল আলম, আলাল উদ্দিন আলাল, আমির হোসেন বাহার, শাহ আলম, হাফিজুর রহমান ও নিহতের বড় ভাই সিরাজুল ইসলাম। বক্তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এর আগে সোমবার এফ রহমান এসি মার্কেটের ব্যবসায়ীরা কালো ব্যাজ ধারণ করে অবস্থান ধর্মঘট করেন। রাতে ময়নাতদন্ত শেষে টিটুর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। ফেনী থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, টিটুর ভাই সিরাজুল ইসলাম সোমবার রাতে ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক শরীফ উল্যাহ মজুমদার ও দ্বিতীয় কর্মকর্তা আব্দুর রহিমসহ অজ্ঞাত পরিচয় ২৫/৩০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলা হওয়ার আগেই সোমবার বিকেলে শরীফ উল্যাহ ও আব্দুর রহিমকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার ব্যাংকের ওই শাখায় গিয়ে দেখা যায়, পুলিশি পাহারায় লেনদেন চলছে। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যাবস্থাপক হেদায়েত উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্য দিনের তুলনায় মঙ্গলবার লেনদেন কম হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬৫৬ ঘ.