২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার দাবি ইউপি চেয়ারম্যান প্রার্থীদের

চাঁদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বেশ কয়েকজন প্রার্থী শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ ও তাদের নিরাপত্তার দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 10:28 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

চাঁদপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বেশ কয়েকজন প্রার্থী শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ ও তাদের নিরাপত্তার দাবি জানিয়েছেন। এসব প্রার্থী জানান, প্রতিনিয়ত তারা প্রতিপক্ষের হুমকির শিকার হচ্ছেন। মঙ্গলবার দুপুরে চাঁদপুর রোটারি ভবনে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ দাবি জানান। এসময় সেখানে জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা ও পুলিশ সুপার (এসপি) শহীদুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। আগামী ৫ জুন চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। 'সুশাসন প্রতিষ্ঠায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী আইন এবং নির্বাচন পরবর্তী করণীয়'- শীর্ষক এ মতবিনিময় সভায় প্রায় অর্ধশত চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন। চেয়ারম্যান প্রার্থীরা বলেন, "নির্বাচনী কার্যক্রম চালাতে গিয়ে প্রতিমুহূর্তে প্রতিপক্ষের হুমকির শিকার হতে হচ্ছে।" জেলা প্রশাসক বলেন, অবাধ ও সুষ্ঠু পরিবেশেই নির্বাচন হবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন। পুলিশ সুপার বলেন, শতভাগ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে। এ নিয়ে কারো আতঙ্কিত হওয়ার কিছু নেই। সনাক চাঁদপুর শাখার আহ্বায়ক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বাগাদী ইউপি'র বেলায়েত হোসেন বিল্লাল, মো. আলী পাঠান, সাখুয়ার হাফেজ বেপারী, সেলিম খান, আব্দুল মন্নান খান, বালিয়ার ইউসুফ আলী, মৈশাদীর নুরুল ইসলাম পাটওয়ারী, কল্যাণপুরের আব্দুল মান্নান মাল, হানারচরের রফিকুল ইসলাম ভূঁইয়া, ইব্রাহিমপুরের দুলাল মিজি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬২৯ ঘ.