২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরুষ 'নির্যাতন' বন্ধে আইন করতে নোটিস

পুরুষ 'নির্যাতন' রোধে আইন প্রণয়নে সরকারকে নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরুষ 'নির্যাতন' রোধে আইন প্রণয়নে সরকারকে নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। মঙ্গলবার ডাকযোগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে নোটিসটি পাঠান আইনজীবী মো. জে আর খান রবিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, নোটিসে পুরুষ নির্যাতন বন্ধে বিশেষ আইন প্রণয়নসহ যৌতুক সংক্রান্ত আইনের ধারাগুলো জামিনযোগ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও জানান ওই আইনজীবী। নোটিসে বলা হয়েছে, প্রচলিত রাষ্ট্র ও আদালত ব্যবস্থায় পুরুষের প্রতি বৈষম্য সহ্যের সীমা অতিক্রম করছে। বাংলাদেশে পুরুষ ও তাদের পরিবারের সদস্যদের অমর্যাদা দিন দিন বেড়ে চলছে। বৈবাহিক সমস্যায় সত্য ও প্রকৃত ঘটনা যাচাই ছাড়াই পুরুষ অপরাধী সাব্যস্ত হয়ে যায়। শুধু যৌতুক বিরোধী আইনই নয়, যে কোনো ধরনের বৈবাহিক সমস্যায় পুরুষকে বিভিন্ন ধরনের মামলার মুখে পড়তে হয়। এক্ষেত্রে তারা সন্তানের সঙ্গে যোগাযোগ করতে পারে না। মামলা, জেলসহ বিভিন্ন বৈষম্য পুরুষদের মানসিক ও অর্থনৈতিকভাবে ভেঙে দেয়। দীর্ঘমেয়াদি আইনি যুদ্ধ অনেক পুরুষকে আত্মহত্যার দিকে ধাবিত করে। ভারতে নারীদের মিথ্যা মামলা থেকে পুরুষদের বাঁচাতে উদ্যোগের কথা তুলে ধরে বলা হয়, ভারতের সুপ্রিম কোর্ট ইন্ডিয়ান পেনাল কোড-১৮৬০ এর অপব্যবহারকে 'আইনি সন্ত্রাস' হিসাবে উল্লেখ করেছে। একইভাবে বাংলাদেশেও হুমকি, অপব্যবহার, প্রতারণা প্রতিরোধে প্রয়োজনীয় আইন করা এবং নারীর প্রতি পক্ষপাতদুষ্ট সব আইনকে লিঙ্গ নিরপেক্ষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/কেএমএস/১৬২৩ ঘ.