কক্সবাজার, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে পরিচালক পর্যায়ে বৈঠকে মাদক পাচার ঠেকাতে একমত হয়েছে বিজিবি ও নাসাকা বাহিনী। বাংলাদেশে মিয়ানমারের নাগরিকের অনুপ্রবেশ বন্ধে সহযোগিতারও আশ্বাসও দিয়েছে নাসাকা।
মঙ্গলবার কক্সবাজার শহরের একটি হোটেলে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও নাসাকার পতাকা বৈঠক হয়।
এতে মাদক চোরাচালান, মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, মিয়ানমার কারাগারে আটক বাংলাদেশি জেলেদের ফিরিয়ে আনা, নাফ নদীতে কোস্টগার্ডের তল্লাশি নিয়ে আলোচনা হয়।
দেড় ঘণ্টার ওই বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাহিনীর চট্টগ্রাম সেক্টরের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রউফ। নাসাকার পক্ষে ছিলেন বাহিনীর পরিচালক উ অং গাই।
বিজিবি কর্মকর্তা রউফ সাংবাদিকদের বলেন, "মিয়ানমার সরকার মাদকের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। মাদক পাচার প্রতিরোধে তারা বাংলাদেশের সহযোগিতা চেয়েছে।"
মিয়ানমারের কোনো নাগরিক বাংলাদেশে অবৈধভাবে ঢোকার চেষ্টা করলে তা কঠোরভাবে দমনের জন্য বিজিবির প্রতি আহ্বান জানিয়েছে নাসাকা।
বিজিবি বৈঠকে জানিয়েছে, কক্সবাজার কারাগারে মিয়ানমারের ৫৫ জন অনুপ্রবেশকারী রয়েছে। তাদের যেন ফিরিয়ে নেওয়া হয়।
তবে বাংলাদেশের কতজন নাগরিক মিয়ানমারে আটক রয়েছে, তা নাসাকা জানাতে পারেননি বলে লেফটেন্যান্ট কর্নেল রউফ জানান।
সীমান্তের ১৫০ গজের মধ্যে মিয়ানমারের কাঁটাতারের বেড়া নির্মাণের কথা নাসাকা অস্বীকার করলেও দুই দেশের যৌথ জরিপের মাধ্যমে তা সমাধানের বিষয়ে মতৈক্য হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০০ ঘ.
bdnews24