সিরাজগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যসহ দুই জন নিহত হয়েছে।
মঙ্গলবার উপজেলার সলঙ্গা থানার দাদপুর ও রায়গঞ্জের ভুইয়াগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল হাই (৬৫) ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার জবিউল ইসলাম (৩৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুননবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে দাদপুর নামক স্থানে আব্দুল হাইয়ের মটর সাইকেলটিকে পেছন থেকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ওদিকে ভোররাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী এলাকায় বাসের ছাদ থেকে পড়ে ধানকাটা শ্রমিক জবিউল ঘটনাস্থলেই মারা যান।
জবিউলসহ ৮-১০ জন ধানকাটা শ্রমিক টাঙ্গাইল থেকে বাসের ছাদে বাড়ি ফিরছিলো বলে পুলিশ জানায়।
জবিউলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫৫৪ ঘ.
bdnews24