ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার নিয়োগের বিধি, গণপ্রতিনিধিত্ব আইন আরো সংস্কারসহ বিভিন্ন বিষয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে আবার সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ৭ জুন থেকে এ সংলাপ শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিবন্ধিত দলগুলোকে রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাচনী ব্যয় দিতে প্রস্তাবিত জনতহবিল আইন পাস, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ অধ্যাদেশ সংশোধন এবং ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি প্রবর্তনের বিষয়েও এই সংলাপে আলোচনা করতে চায় নির্বাচন কমিশন।
সাখাওয়াত জানান, প্রতিদিন দুটি করে পর্যায়ক্রমে ৩৮টি নিবন্ধিত দলের সঙ্গেই সংলাপ হবে।
কমিশন সর্বশেষ গত ফেব্র"য়ারিতে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকলেও তাতে প্রধান দলগুলোর সাড়া পায়নি। ইউপি নির্বাচন সামনে রেখে ডাকা ওই সংলাপে এলডিপি ছাড়া কেউ-ই অংশ নেয়নি।
এর আগে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নিয়ে রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনী আইন সংস্কারের জন্য ২০০৭ ও ২০০৮ সালে তিন দফা সংলাপ করে। সে সময় সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকদেরও ডাকা হয়।
নবম সংসদ নির্বাচনের আগে খসড়া দলীয় গঠনতন্ত্র জমা দিয়ে ৩৯টি দল প্রাথমিক নিবন্ধন পায়। সংশোধিত স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় ফ্রিডম পার্টির নিবন্ধন গত বছর বাতিল হয়ে যায়।
নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংলাপে অংশ নিতে সংশ্লিষ্ট দলগুলোকে পর্যায়ক্রমে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা গত ১৯ এপ্রিল জানান, আলোচ্যসূচি তৈরির কাজ চলছে। এরপর দলগুলোকে কীভাবে আমন্ত্রণ জানানো হবে- আদাক্ষর অনুসরণ করে, নাকি নিবন্ধন ক্রম অনুযায়ী- তা নির্ধারণ করা হবে।
সিইসি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ২৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিবন্ধন ক্রম অনুসারে প্রথম তিন দিনের আমন্ত্রণপত্র দলগুলোর মহাসচিব বা সাধারণ সম্পাদক বরাবর পাঠানো শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে বা বুধবারের মধ্যে তাদের কাছে চিঠি পৌঁছে যাবে।
তিনি জানান, ৭ জুন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি ও জাতীয় পার্টি- জেপি; ৮ জুন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) ও কৃষক শ্রমিক জনতালীগ এবং ৯ জুন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে।
৯ জুন সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের কথা রয়েছে।
এরপর ১৩ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, গণতন্ত্রী পার্টি; ১৪ জুন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, ১৫ জুন বিকল্পধারা বাংলাদেশ ও জাতীয় পার্টি ও ১৬ জুন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপের দিন ঠিক করা হয়েছে।
এরপর জতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, প্রগতিশীল গণতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও খেলাফত মজলিসকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে বলে জানান ওই কর্মকর্তা।
এম সাখাওয়াত হোসেন বলেন, "আমরা আশা করছি, সব কিছু দেখে, শুনে, বুঝে প্রস্তাবিত বিষয়গুলো সম্পর্কে মতামত জানাবে দলগুলো।"
জনসংযোগ পরিচালক জানান, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমের সঙ্গে আলোচনা করবে কমিশন। সিইসি দেশে ফিরলেই সময়সূচি নির্ধারণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/জেকে/১৮৪৯ ঘ.
bdnews24